খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্তের হার বেড়েছে
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ২১ জন মারা গেছেন। এ সময়ে ৩২২ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শনিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় ১৭ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ৬১২ জনের। আগের ২৪ ঘণ্টার চেয়ে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অর্ধেকের কম হওয়ায় শনাক্তের সংখ্যা কমেছে। তবে শনাক্তের হার ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। খুলনায় মৃত মানুষের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে।
গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত খুলনা বিভাগে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে মোট ১ হাজার ৩৫৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ৭৫ শতাংশ। আগের ২৪ ঘণ্টার চেয়ে ১ হাজার ৬৪৭টি নমুনা কম পরীক্ষা হয়েছে। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২০ দশমিক ৩৮।
বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৭৯১। মৃত্যুর হার ২ দশমিক ৭০। করোনায় মারা যাওয়া সর্বশেষ ২১ জনের মধ্যে কুষ্টিয়ার ৯ জন, খুলনার ৭ জন, যশোর ও মেহেরপুরের ২ জন করে এবং মেহেরপুর ও নড়াইলের ১ জন করে আছে।
বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৭০৫ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায়, ৬৭১ জনের। এ ছাড়া যশোরে ৪২০, ঝিনাইদহে ২৪০, চুয়াডাঙ্গায় ১৮০, মেহেরপুরে ১৬৮, বাগেরহাটে ১৩৪, নড়াইলে ১০৬, সাতক্ষীরায় ৮৬ ও মাগুরায় ৮১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ খুলনায় ১২৫ জন। এ ছাড়া যশোরে ৬৭, কুষ্টিয়ায় ৬২, বাগেরহাটে ৭, মাগুরায় ২৭, সাতক্ষীরায় ১৫, চুয়াডাঙ্গায় ১, মেহেরপুরে ১১ ও নড়াইলে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ঝিনাইদহে কোনো নমুনা পরীক্ষা না হওয়ায় কোনো শনাক্তও নেই।
বিভাগে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৩ হাজার ৫২২ জনের। সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৫ হাজার ৭২৪ জনের করোনা হয়েছে। এরপর যশোরে ২০ হাজার ৩৯০ জনের এবং কুষ্টিয়ায় ১৬ হাজার ৭৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।