খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় শনাক্ত, শনাক্তের হার ও মৃত্যু বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

খুলনা বিভাগে গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জন মারা গেছেন। এ সময়ে ১ হাজার ১৪০ জনের নমুনা পরীক্ষা করে ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৩৩। রোববার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় আগের সময়ের চেয়ে ১৪২টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৫ দশমিক ৮১। ওই সময়ে বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু হয়। আর ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। শেষ ২৪ ঘণ্টায় বিভাগে করোনার শনাক্ত, শনাক্তের হার ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

বিভাগে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ১১৫ জন। মৃত্যুর হার ২ দশমিক ৮। সবশেষ খুলনা, বাগেরহাট, মেহেরপুর, নড়াইল ও যশোরে একজন করে মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৭৯২ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুষ্টিয়ায় ৭৫৯ জনের। এ ছাড়া যশোরে ৪৮৭, ঝিনাইদহে ২৬৫, চুয়াডাঙ্গায় ১৮৯, মেহেরপুরে ১৮১, বাগেরহাটে ১৪৪, নড়াইলে ১২০, মাগুরায় ৯০ ও সাতক্ষীরায় ৮৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ কুষ্টিয়ায় ও ঝিনাইদহে আছেন ২৭ জন করে। এ ছাড়া যশোরে ৫ জন, খুলনায় ১৫, চুয়াডাঙ্গায় ৫, মেহেরপুরে ৫, বাগেরহাটে ৪, নড়াইলে ৪, মাগুরায় ২ ও সাতক্ষীরায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।