খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ১৩৮ জনের করোনা শনাক্ত
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে বিভাগে করোনায় সংক্রমিত হয়ে একজন মারা গেছেন। এ নিয়ে বিভাগের ১০ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫১৬। বিভাগে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৬২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৮৬ শতাংশ।
এ ছাড়া বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৯৯ জন সুস্থ হয়েছেন। বিভাগে করোনায় আক্রান্তের পর এখন পর্যন্ত সুস্থ হলেন ৩০ হাজার ৯৫৪ জন। সুস্থতার হার প্রায় ৯৩ শতাংশ। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার আজ বুধবার এসব তথ্য নিশ্চিত করেছেন।
২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় রয়েছেন ২৯ জন, যার মধ্যে খুলনা নগরের ২০ জন। এ ছাড়া বাগেরহাটে ৮ জনের, নড়াইল ও ঝিনাইদহে ৩ জন করে, মেহেরপুরে ৬, সাতক্ষীরায় ২৫, যশোরে ৩৪, কুষ্টিয়ায় ১৮, চুয়াডাঙ্গায় ১০ এবং মাগুরায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা–সংক্রান্ত দৈনিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, ১৭ থেকে ২৬ মে—এই ১০ দিনে খুলনা বিভাগে ১ হাজার ২৬৩ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এই ১০ দিনে বিভাগে করোনায় মারা গেছেন ২৮ জন। এর আগের ১০ দিনে (৭-১৬ মে) বিভাগে ৫৯৫ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়। ওই ১০ দিনে বিভাগে করোনায় মারা যান ১০ জন।
নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় রয়েছেন ২৯ জন, যার মধ্যে খুলনা নগরের ২০ জন। আর করোনায় আক্রান্ত হয়ে যে একজন ব্যক্তি মারা গেছেন, তাঁর বাড়ি চুয়াডাঙ্গায়।
বর্তমানে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ২২৮ জন। আর বাসায় চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৭১১ জন। এর মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ৫৮ জন, এর মধ্যে ৮ জন আছেন আইসিইউতে।
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে যে একজন ব্যক্তি মারা গেছেন, তাঁর বাড়ি চুয়াডাঙ্গায়। বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির মধ্যে খুলনা জেলায় রয়েছেন ১৭০, যার মধ্যে খুলনা শহরের ১৩৪ জন। এ ছাড়া কুষ্টিয়ায় মারা গেছেন ১১০ জন, যশোরে ৭৭, চুয়াডাঙ্গায় ৫৯, ঝিনাইদহে ৫৫, সাতক্ষীরায় ৪৫, বাগেরহাটে ৩৮, নড়াইলে ২৬, মাগুরায় ২৩ এবং মেহেরপুরে ২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হন গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গায়। গত বছরের ২৩ জুলাই এ সংখ্যা ১০ হাজার এবং ১২ আগস্ট ১৫ হাজার ছাড়ায়। চলতি বছর ১ জানুয়ারি ২৫ হাজার, ১১ মে শনাক্তের সংখ্যা ৩২ হাজার এবং ২৩ মে রোগীর সংখ্যা ৩৩ হাজার ছাড়ায়। আজ ২৬ মে রোগীর সংখ্যা সাড়ে ৩৩ হাজার ছাড়াল।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, খুলনা বিভাগের জেলাভিত্তিক হিসাবে এ পর্যন্ত সর্বোচ্চ ৯ হাজার ৯৯৩ জন রোগী শনাক্ত হয়েছেন খুলনা জেলায়। এর মধ্যে খুলনা শহরেই শনাক্ত হয়েছেন ৮ হাজার ১৩৪ জন। এ ছাড়া বাগেরহাটে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫০০ জন, চুয়াডাঙ্গায় ১ হাজার ৯৩৯, যশোরে ৬ হাজার ৭৮৫, ঝিনাইদহে ২ হাজার ৮৮৪, কুষ্টিয়ায় ৪ হাজার ৮৪৩, মাগুরায় ১ হাজার ২৫৩, মেহেরপুরে ৯৮৫, নড়াইলে ১ হাজার ৮৬৩ ও সাতক্ষীরায় ১ হাজার ৪৭১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।