খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৪১ জন মারা গেছেন। একই সময়ে ১ হাজার ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ১ হাজার ১১৯ জন। পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত ২৫ শতাংশের বেশি।

আজ বৃহস্পতিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এক দিনের ব্যবধানে মৃত্যু ও রোগীর সংখ্যা দুটোই বেড়েছে। বিভাগে বুধবার কোভিড-১৯–এ ৩১ জনের মৃত্যু এবং ৮৬৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।

প্রতিবেদনে দেওয়া তথ্য সূত্রে জানা গেছে, গত সাত দিনে (২৩- ২৯ জুলাই) বিভাগে ৬ হাজার ৩৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৪৫ জন। এই সাত দিনে মারা গেছেন ২৭২ জন। গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর ল্যাব, জিন এক্সপার্ট ও র‌্যাপিড অ্যান্টিজেন প্রক্রিয়ায় মোট ৩ হাজার ৯৬১টি নমুনা পরীক্ষা হয়। শনাক্ত ২৫ দশমিক ৭৩ শতাংশ।

বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ২ হাজার ৩৩৫। মৃত্যুহার ২ দশমিক ৫৫। করোনায় মারা যাওয়া সর্বশেষ ৪১ জনের মধ্যে খুলনায় ১৫ জন; কুষ্টিয়ায় ৯ জন; ঝিনাইদহে ৫ জন; যশোরে ৪ জন; মেহেরপুরে ৩ জন; মাগুরায় ও নড়াইলে ২ জন করে এবং চুয়াডাঙ্গায় ১ জন রয়েছেন। শুধু খুলনা জেলায় করোনায় এখন পর্যন্ত ৬১২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, কুষ্টিয়ায় করোনা শনাক্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৫৮০ জন। সুস্থতার হার প্রায় ৭৩। বর্তমানে করোনা রোগী রয়েছেন ২২ হাজার ৬৫৩ জন। এর মধ্যে হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ১৭২ জন। বাকিরা বাসায় আইসোলেশনে আছেন।