খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ৭৪৩
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৪২ জনের নমুনা পরীক্ষায় ৭৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। মৃতদের মধ্যে খুলনার চারজন, ঝিনাইদহ ও সাতক্ষীরার একজন করে বাসিন্দা আছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ছিল ৩১ দশমিক ৭৩ শতাংশ। আগের দিন এ হার ছিল ৩২ দশমিক ৮৬।
বিভাগের মধ্যে বাগেরহাটে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত প্রায় ৬০ শতাংশ। সাতক্ষীরায় শনাক্ত ৪৮ শতাংশ ও যশোরে ৩৯ দশমিক ৫ শতাংশ। সবচেয়ে কম শনাক্ত চুয়াডাঙ্গায়—৮ দশমিক ৭১ শতাংশ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীদের মধ্যে খুলনা জেলায় ১৭৭ জন, যশোরে ১৪১, কুষ্টিয়ায় ১২৪, সাতক্ষীরায় ৮২, বাগেরহাটে ৬৪, ঝিনাইদহে ৪৯, নড়াইলে ৩৫, মেহেরপুরে ৩০, চুয়াডাঙ্গায় ২৭ ও মাগুরায় ১৪ জন রয়েছেন।
প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, বর্তমানে বিভাগে ১০ হাজার ৮৮১ করোনা রোগী চিকিৎসাধীন। ২৪৮ করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা বাড়িতে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ জন। বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২৪ হাজার ২৭০ জনের। করোনার সংক্রমণে মৃত্যু হয়েছে ৩ হাজার ২২২ জনের। ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১০ হাজার ১৬৭ জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ বলেন, বিভাগে ছয় দিন ধরে সংক্রমণ পরিস্থিতি খানিকটা স্থিতাবস্থায় আছে। এ সময় ৩১ থেকে ৩৬ শতাংশের মতো শনাক্ত হয়েছে। তবে দুদিন ধরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ও মৃত্যুহার কিছুটা বেড়েছে। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা ছাড়া বিকল্প কিছু নেই।