খুলনা বিভাগে ৪৮ দিনের মধ্যে করোনায় সর্বনিম্ন মৃত্যু
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৬ জুন এক দিনে করোনায় ১৪ জনের মৃত্যুর পর ৪৮ দিনের মধ্যে বিভাগে এটাই সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় ২৭ জনের মৃত্যু হয়েছিল। এদিকে গত ২৪ ঘণ্টায় ৬১২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ৯৩১ জন। আজ শুক্রবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ৩ হাজার ৩ জনের নমুনা পরীক্ষায় ৬১২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ৩৮। আগের ২৪ ঘণ্টার চেয়ে ৮২৫টি নমুনা কম পরীক্ষা হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ২০ দশমিক ৫৩। বিভাগের মধ্যে সর্বোচ্চ শনাক্তের হার মাগুরায় ২৮ দশমিক ৪৯। আর সর্বনিম্ন মেহেরপুরে ৯ দশমিক ২৯। বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৪ হাজার ৫৪০ জন। শনাক্তের সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৯২।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, শুক্রবার বাসা ও হাসপাতাল মিলিয়ে বিভাগের ১০ জেলায় ১৫ হাজার ৮৯০ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৯৭৩। অন্যরা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। বিভাগে করোনায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২ হাজার ৭৫৩। মৃত্যুর হার ২ দশমিক ৬৮। করোনায় মারা যাওয়া সর্বশেষ ১৭ জনের মধ্যে খুলনা জেলার ৫ জন, কুষ্টিয়া ও ঝিনাইদহের ৩ জন করে, যশোরে ও মাগুরায় ২ জন করে, মেহেরপুর ও নড়াইলে ১ জন করে আছেন।
বিভাগের মধ্যে খুলনা জেলায় করোনায় সর্বোচ্চ ৬৯৮ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৬৬২ জনের। এ ছাড়া যশোরে ৪১৮, ঝিনাইদহে ২৪০, চুয়াডাঙ্গায় ১৮০, মেহেরপুরে ১৬৬, বাগেরহাটে ১৩৪, নড়াইলে ১০৫, সাতক্ষীরায় ৮৬ ও মাগুরায় ৮১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ যশোরে ৯৯ জন। খুলনায় ৯৭, ঝিনাইদহে ৯১, কুষ্টিয়ায় ৮৬, বাগেরহাটে ৭৭, মাগুরায় ৪৯, সাতক্ষীরায় ৪৬, চুয়াডাঙ্গায় ৩২, মেহেরপুরে ১৭ ও নড়াইলে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৩ হাজার ২০০ জনের। এর মধ্যে শনাক্ত সবচেয়ে বেশি খুলনা জেলায়। এখানে ২৫ হাজার ৫৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরপর যশোরে ২০ হাজার ৩২৩ ও কুষ্টিয়ায় ১৬ হাজার ৬৭২ জনের করোনা শনাক্ত হয়।