খুলনা বিভাগে ৫ মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ২৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গত প্রায় পাঁচ মাসের মধ্যে এটিই এক দিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। গত বছরের ২৭ সেপ্টেম্বরে এক দিনে ৩১৩ জন শনাক্ত হওয়ার পর থেকে আজ বুধবার পর্যন্ত এটাই এক দিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। তবে করোনায় গত ২৪ ঘণ্টায় বিভাগে কেউ মারা যাননি। বিভাগের তিনটি জেলায় শনাক্ত ৩৫ শতাংশের ওপর।
আজ দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় ডেডিকেটেড হাসপাতাল ও জেলা-উপজেলার হাসপাতালগুলোর করোনা ওয়ার্ড প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে মোট ১ হাজার ৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত ২৬ দশমিক ৩২ শতাংশ । আগের দিন শনাক্ত হয়েছিলেন ১৫৮ জন। শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৭৩।
আজ পর্যন্ত বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১৪ হাজার ৭০৩ জনের। করোনায় আক্রান্ত হয়ে বিভাগে মারা গেছেন ৩ হাজার ১৯৭ জন। ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৭২ জন।
ঝিনাইদহে শনাক্তের হার সর্বোচ্চ
গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর মধ্যে খুলনায় ৯৪, যশোরে ৭৫, ঝিনাইদহে ৩১, কুষ্টিয়ায় ৪৪, চুয়াডাঙ্গায় ১৫, সাতক্ষীরায় ১১ , বাগেরহাটে ৪ ও মাগুরায় ১১ জন রয়েছেন। এ সময় নড়াইল ও মেহেরপুরে কোনো শনাক্ত নেই। বিভাগের মধ্যে ঝিনাইদহে শনাক্তের হার সর্বোচ্চ ৩৬ দশমিক ৯, যশোরে ৩৬ দশমিক ৭৬, খুলনায় ৩৫ দশমিক ৮৮ এবং সাতক্ষীরায় ৩০ দশমিক ৫৬।
এদিকে বাসা ও হাসপাতাল মিলিয়ে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যাও প্রতিদিনই বাড়ছে। বর্তমানে বিভাগে করোনা রোগী আছেন ২ হাজার ১৩৪ জন। এর মধ্যে ৮৯ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিরা বাসায় আছেন।
খুলনা স্বাস্থ্য বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত বছরের ২২ সেপ্টেম্বরের পর থেকে ডিসেম্বর পর্যন্ত শনাক্তের হার আর কখনো পাঁচের ওপর ওঠেনি। আর সপ্তাহ দুয়েক আগে থেকে শনাক্তের হার ও সংখ্যা বাড়তে থাকে। ১৩ জানুয়ারি পর্যন্ত শনাক্ত ১০ শতাংশের নিচেই ছিল। এরপর থেকে গতকাল পর্যন্ত শনাক্ত ১৫ শতাংশের কিছু ওপরে ছিল। আজ বুধবার সেই হার ২৫ ছাড়িয়ে গেছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক মো. মুনজুরুল মুরশিদ প্রথম আলোকে বলেন, ‘সংক্রমণ খুব দ্রুত বাড়ছে। সংক্রমণ বৃদ্ধির ব্যাপারে স্বাস্থ্য বিভাগের পূর্ব সতর্কতা ছিল। আমরা খুলনা বিভাগের সব হাসপাতাল বিশেষ করে জেলা সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে করোনা ওয়ার্ড প্রস্তুত করতে নির্দেশ দিয়েছি। ইতিমধ্যে বেশির ভাগ হাসপাতালে করোনা ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে।’ ঘর থেকে বের হলে সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণসহ মাস্ক ব্যবহার করতে এবং টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।