খুলনা বিভাগে ৮৫ দিনের মধ্যে করোনায় সর্বনিম্ন মৃত্যু
খুলনা বিভাগে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জন মারা গেছেন। ৮৫ দিনের মধ্যে বিভাগে করোনায় এক দিনে এটাই সর্বনিম্ন মৃত্যু। এর আগে করোনায় সর্বনিম্ন মৃত্যু হয় গত ৭ জুন, সেদিন এক দিনে দুজন মারা যান।
গত ২৪ ঘণ্টায় বিভাগে আরটি-পিসিআর, র্যাপিড অ্যান্টিজেন ও জিন এক্সপার্ট পদ্ধতিতে মোট ২ হাজার ৫৮ জনের নমুনা পরীক্ষায় ২২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ দশমিক ৮৮ শতাংশ। এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৩৪ জন। বুধবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার বিভাগে করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছিল এবং ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় ৮১৯টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে। পাশাপাশি শনাক্ত রোগী বেড়েছে। তবে শনাক্তের হার ও মৃত্যুর সংখ্যা কমেছে। আগের দিন শনাক্তের হার ছিল ১১ দশমিক ৯৫ শতাংশ।
বিভাগের ১০ জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের পর সুস্থ হয়েছেন ৯৮ হাজার ২৮ জন। সুস্থতার হার ৮৯ দশমিক ৮৩ শতাংশ।
নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ রোগী খুলনার ৭১ জন। এ ছাড়া চুয়াডাঙ্গায় ১০, ঝিনাইদহে ২৭, যশোরে ৯, নড়াইলে ২০, বাগেরহাটে ২২, মাগুরায় ৮, সাতক্ষীরায় ১৭, মেহেরপুরে ৮ ও কুষ্টিয়ায় ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৯ হাজার ১২৩ জনের। শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৭ হাজার ৩৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরপর যশোরে ২১ হাজার ১৩৩ জন এবং কুষ্টিয়ায় ১৭ হাজার ৭১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
১০ জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের পর সুস্থ হয়েছেন ৯৮ হাজার ২৮ জন। সুস্থতার হার ৮৯ দশমিক ৮৩ শতাংশ।
বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৪ জনের মধ্যে খুলনায় ৩ জন ও চুয়াডাঙ্গায় ১ জন রয়েছেন। বিভাগের বাকি ৮ জেলায় এ সময়ে কেউ করোনার সংক্রমণে মারা যাননি। এ নিয়ে বিভাগে করোনায় মোট ৩ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার ২ দশমিক ৭৬ শতাংশ। বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৭৬২ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৭৩১ জনের। এ ছাড়া যশোরে ৪৬১, ঝিনাইদহে ২৬১, চুয়াডাঙ্গায় ১৮৮, মেহেরপুরে ১৭৮, বাগেরহাটে ১৪০, নড়াইলে ১১৩, সাতক্ষীরায় ৮৮ ও মাগুরায় ৯০ জনের মৃত্যু হয়েছে।