খুলনা বিভাগের চার জেলায় শনাক্ত ৩০ শতাংশের ওপরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

খুলনা বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহে একজন মারা গেছেন। বিভাগের চারটি জেলায় শনাক্ত ৩০ শতাংশের ওপর।

আজ শুক্রবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে মোট ১ হাজার ৬৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ২৫ শতাংশ। আগের দিন শনাক্ত ছিল ২৪ দশমিক ১৬ শতাংশ।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়, ২০২০ সালের ১৯ মার্চ। গত ৭ সেপ্টেম্বর রোগীর সংখ্যা ১ লাখ ১০ হাজার ছাড়ায়। আজ ১ লাখ ১৫ হাজার ছাড়িয়েছে। গত ১০ দিনেই ১ হাজার ৬৪২ জন রোগী শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে বিভাগে মারা গেছেন ৩ হাজার ১৯৮ জন। ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৪২৪ জন।

এদিকে বাসা ও হাসপাতাল মিলিয়ে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যাও প্রতিদিনই বাড়ছে। বর্তমানে বিভাগে করোনা রোগী আছেন ২ হাজার ৭৮৭ জন। এর মধ্যে ১৯১ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং অন্যরা বাসায় আছেন।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর মধ্যে খুলনায় ১২৬ জন, যশোরে ১২৯, ঝিনাইদহে ৪৬, কুষ্টিয়ায় ৫৫, নড়াইলে ১০, মেহেরপুরে ৫, চুয়াডাঙ্গায় ৫, সাতক্ষীরায় ১০, বাগেরহাটে ৪ ও মাগুরায় ২৯ জন রয়েছেন। বিভাগের মধ্যে ঝিনাইদহে শনাক্ত সর্বোচ্চ ৪০ দশমিক ৩৫ শতাংশ, যশোরে ৩৬ দশমিক ৪৪ শতাংশ এবং মেহেরপুরে ও সাতক্ষীরায় ৩৩ দশমিক ৩৩ শতাংশ করে।

এদিকে খুলনা নগরের মানুষ সরকারের নির্দেশিত বিধিনিষেধের তোয়াক্কা না করে শহরের সর্বত্র ইচ্ছেমতো মাস্কবিহিন চলাচল করছেন। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে জেল-জরিমানাও করা হচ্ছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক মো. মুনজুরুল মুরশিদ বলেন, বিভাগের প্রায় সব জেলায় করোনা সংক্রমণ বাড়ছে। করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে। ঘর থেকে বের হলে সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণসহ মাস্ক ব্যবহার করতে হবে।