খুলনা বিভাগের ঝিনাইদহ ও যশোরে করোনা শনাক্তের হার ৫০ শতাংশ ছাড়াল
খুলনা বিভাগে সবশেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৬৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৩৩ দশমিক ১৯। আগের দিনের চেয়ে ২০১ জন বেশি রোগী শনাক্ত হয়েছে। মাগুরায় মারা গেছেন একজন।
বিভাগের ঝিনাইদহ ও যশোর জেলায় শনাক্তের হার ৫০–এর ওপরে। আজ সোমবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মুনজুরুল মুরশিদ স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত সাড়ে পাঁচ মাসের মধ্যে এটিই এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্তের সংখ্যা। গত বছরের ১২ আগস্ট ১ দিনে ৭৮৬ জনের শনাক্ত হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীদের মধ্যে খুলনায় ১৫২ জন, যশোরে ১৯৫, ঝিনাইদহে ৯৮, কুষ্টিয়ায় ১৩০, নড়াইলে ১৭, মেহেরপুরে ১১, চুয়াডাঙ্গায় ১০, সাতক্ষীরায় ২৬, বাগেরহাটে ২৫ ও মাগুরায় ২৪ জন রয়েছেন।
বিভাগের মধ্যে ঝিনাইদহে শনাক্তের হার সর্বোচ্চ ৫৭ দশমিক ৩১। যশোরে ৫১ দশমিক ৪৫, মাগুরায় ৩৭ দশমিক ৫, সাতক্ষীরায় ৩৩ দশমিক ৭৭, বাগেরহাটে ৩২ দশমিক ৫ ও কুষ্টিয়ায় ৩২ দশমিক ২ শতাংশ।
এদিকে বাসা ও হাসপাতাল মিলিয়ে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যাও প্রতিদিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন। বর্তমানে বিভাগে করোনা রোগী আছেন ৪ হাজার ৯৪, এর মধ্যে ১৪১ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা বাসায়।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মুনজুরুল মুরশিদ বলেন, করোনা থেকে বাঁচতে হলে সবাইকে যথাযথভাবে মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক।