খুলনা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের নির্মাণ শুরু
শেষ হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষা। শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়টির ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ভবনের নির্মাণকাজ। আজ বৃহস্পতিবার সকালে উপাচার্য মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, টিএসসি ভবনে ফ্লোরের মোট আয়তন হবে ১০ হাজার বর্গমিটার। সেখানে থাকবে ১ হাজার ২০০টি আসনব্যবস্থা। পদ্মার এপারে এটিই হবে সবচেয়ে বড় টিএসসি ও মিলনায়তন। চারতলাবিশিষ্ট এই ভবনে সাধারণ বিদ্যুৎ–ব্যবস্থার পাশাপাশি জেনারেটর এবং সোলার সিস্টেম, সিসিটিভি, অগ্নিনির্বাপণযন্ত্র ও পাঁচটি লিফট সুবিধা থাকবে। ৫৪ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৫৪০ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করছে মাহবুব ব্রাদার্স (প্রা.) লিমিটেড। প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে দুই বছর।
উদ্বোধনী অনুষ্ঠানে সহ-উপাচার্য মোসাম্মাৎ হোসনে আরা, ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিনের প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের নির্মাণ তত্ত্বাবধান কমিটির সভাপতি, বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (প্রথম সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি, অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।