খুলনা রেলস্টেশনে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ের দক্ষিণাঞ্চল সদর দপ্তর ফরিদপুরে করার সিদ্ধান্তের প্রতিবাদে ও সদর দপ্তর খুলনায় স্থাপনের দাবিতে খুলনা রেলস্টেশনে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। খুলনা উন্নয়ন ফোরামের উদ্যোগে গতকাল সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত ওই কর্মসূচি পালন করা হয়।

অবরোধ কর্মসূচির কারণে ঢাকাগামী আন্তনগর চিত্রা এক্সপ্রেস ১৫ মিনিট দেরিতে স্টেশন ছাড়ে বলে জানান সহকারী স্টেশনমাস্টার আবদুর রাজ্জাক। কর্মসূচিতে বক্তারা বলেন, এশিয়ান হাইওয়ের প্রবেশপথ হিসেবে খুলনাকে চিহ্নিত করা হয়েছে। খুলনার পাশে মোংলা বন্দর, বেনাপোল স্থলবন্দর, ভোমরা স্থলবন্দর, পায়রা বন্দরসহ কয়েকটি আন্তর্জাতিক মানের বন্দরের সংযোগকেন্দ্র। সেই গুরুত্বের কথা বিবেচনা করে রেলওয়ে দক্ষিণাঞ্চলের সদর দপ্তর খুলনায় হওয়াই স্বাভাবিক। তাঁরা রেলওয়ের দক্ষিণাঞ্চলের সদর দপ্তর খুলনায় প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন। ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দনের সভাপতিত্বে ও ফোরামের মহাসচিব এম এ কাশেমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিভাগীয় আয়কর আইনজীবী সমিতির সভাপতি শাহনেওয়াজ আলী, বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের সভাপতি শেখ নাসির উদ্দিন, খুলনা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি মঞ্জিলুর রহমান, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সিনিয়র সহসভাপতি নিজামুর রহমান, নিরাপদ সড়ক চাই-এর জেলা সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন প্রমুখ।