খুলনা সিটি করপোরেশনের সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা সিটি করপোরেশনের সাবেক সহকারী প্রকৌশলী-২ শেখ মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার খুলনা মহানগরের বিশেষ দায়রা জজ আদালতে মামলাটি নথিভুক্ত হয়।
মামলায় ওই প্রকৌশলীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৫৫ লাখ টাকার সম্পদ অর্জন ও দাখিল করা সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে মোহাম্মদ হোসেন চাকরি থেকে অবসরে যান। তিনি বর্তমানে খুলনা নগরের খালিশপুর এলাকার বাসিন্দা।
দুদকের খুলনা কার্যালয়ের আইনজীবী খন্দকার মজিবর রহমান বলেন, ২৬ জুন দুদক খুলনার উপপরিচালক (অর্থ পাচার) মো. আবদুল মাজেদ বাদী হয়ে ১ কোটি ৫৫ লাখ ৭৭ হাজার ৪১৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনায় অভিযোগ দায়ের করেন। আজ মামলাটি পরিচালনার জন্য খুলনা মহানগর বিশেষ দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।
মজিবর রহমান আরও বলেন, মামলার শুনানিতে হাজির হওয়ার জন্য ওই প্রকৌশলীকে নোটিশ দেওয়া হবে। নির্দিষ্ট তারিখে হাজির না হলে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে।