খুলনায় কখন কোথায় ঈদের জামাত
খুলনায় ঈদুল ফিতরের প্রধান জামাত আগামীকাল মঙ্গলবার সকাল আটটায় খুলনা সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহম্মদ সালেহ। সকাল সাড়ে আটটায় খুলনা আলিয়া মাদ্রাসাসংলগ্ন মডেল মসজিদে এবং সকাল নয়টায় টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া খুলনা সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডে সিটি করপোরেশনের সহায়তায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে পৃথকভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
প্রধান জামাত চলাকালে মুসল্লিদের গাড়ি পার্কিংয়ের জন্য জেলা স্টেডিয়ামসংলগ্ন আউটার স্টেডিয়াম সংরক্ষিত থাকবে। মুসল্লিদের অজুর জন্য পানির ব্যবস্থাও রাখা হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজের জামাত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সকাল আটটায় অনুষ্ঠিত হবে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ পবিত্র ঈদুল-ফিতরের জামাত সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
ঈদের দিন নগরের প্রধান সড়কসমূহ ও গুরুত্বপূর্ণ চত্বর, সড়কদ্বীপ ও সার্কিট হাউস ময়দান জাতীয় পতাকা এবং ঈদ মোবারক লেখা ব্যানার দিয়ে সাজানো হবে।