খুলনায় বর্জ্য অপসারণের কাজ চলছে
খুলনায় কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ চলছে। নগরের কেন্দ্রে বর্জ্য অপসারণের কাজ শেষ হলেও ওয়ার্ডগুলোতে কিছু কিছু বর্জ্য রয়ে গেছে। তবে দ্রুত ওই বর্জ্য পরিষ্কার করা হবে বলে ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তারা প্রথম আলোকে জানিয়েছেন।
আজ মঙ্গলবার সকালে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) কর্মকর্তারা জানান, কেসিসির নিয়ন্ত্রিত জোড়াগেট হাটে প্রায় তিন কোটি টাকার কোরবানির পশু বিক্রি হয়েছে, যার অধিকাংশ গতকাল সোমবার কোরবানি হয়ে গেছে। এইসব পশুর বর্জ্য পরিষ্কারের জন্য সাতটি ছোট ও তিনটি বড় গাড়ি ব্যবহার করা হচ্ছে। একটি বড় গাড়ি দুটি ওয়ার্ডের বর্জ্য এবং একটি ছোট গাড়ি একটি ওয়ার্ডের বর্জ্য অপসারণ করছে। যেসব স্থানে কোরবানি দেওয়া হয়েছে ও চামড়া বিক্রি হয়েছে, সেসব স্থানে ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে।
আজ সকালে নগরের পিটিআইয়ের মোড়সহ দৌলতপুর ও খালিশপুরের কিছু জায়গায় কোরবানির পশুর বর্জ্য চোখে পড়েছে।
কেসিসির সহকারী কনজারভেন্সি কর্মকর্তা আবদুর রকীব বলেন, ‘গতকাল কোরবানির পর থেকে এখনো বর্জ্য পরিষ্কারের কাজ চলছে। এর মধ্যে ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। আশা করছি দুপুর দুইটার মধ্যে কাজ শেষ হবে।’