খুলনার ইফতারে হালিমের কদর

রোববার বেলা আড়াইটা! প্রচণ্ড গরমে খুলনা শহরের রাস্তাঘাট অনেকটা ফাঁকা। তবে নগরের সাউথ সেন্ট্রাল রোডের সরকারি পাইওনিয়ার মহিলা কলেজের সামনে ফুটপাতে মানুষের জটলা। ফুটপাতে মাথার ওপর শামিয়ানা টানিয়ে ইফতারের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। পাশাপাশি অনেকগুলো দোকানের মধ্যে একটি দোকানকে ঘিরে মূলত এই জটলা। অস্থায়ী ওই দোকানেই বিক্রি হচ্ছে ‘নানা স্পেশাল হালিম’। খুলনায় নানা হালিমের আলাদা খ্যাতি আর ঐতিহ্যের কথা অনেকেরই জানা।
নানা বয়সী মানুষের ভিড় দোকানটিতে। কেউ কেউ বাড়ি থেকে পাত্র নিয়ে এসেছেন। তাঁরা হালিম চাইছেন আর নানাসহ আরও ৮ থেকে ১০ জন কর্মচারী ডেকচি থেকে মাটির পাত্র ভরে তা ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন।
নানা হালিম বিক্রেতা ৭৩ বছর বয়সী হজরত আলী ১৯৯৩ সাল থেকে শুধু প্রতি রমজানে এই হালিম বিক্রি করে আসছেন। এটি তাঁর কাছে এখন নেশার মতো হয়ে গেছে। মিষ্টভাষী মানুষটিকে সবাই নানা বলে ডাকেন। আর সেই থেকেই নানা হালিম। হালিমের মান ঠিক রাখতে এখনো তিনি নিজ হাতেই রান্না করেন। সেখানে ৬০, ১০০, ২০০, ৩০০, ৫০০ ও ৮০০ টাকা মূল্যের হালিম পাওয়া যাচ্ছে।
হজরত আলী বলেন, ‘রোজার সময় প্রতিদিন ১৫৫ থেকে ১৬০ কেজি হালিম তৈরি করি। মাগরিবের আগেই শেষ হয়ে যায়। আমার তৈরি হালিমে কোনো ভেজাল নেই। হালিম তৈরিতে দুই রকম ডাল, পোলাও চাল, গম, দেশি ঘি, খাসি ও নিজস্ব মসলা ব্যবহার করা হয়। ভেজালমুক্ত আসল হালিমের স্বাদই আমার ব্যবসার মূল কথা।’
এ রকম আরেকটি হালিমের দোকান স্যার ইকবাল রোডে আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তাঁরা ঐতিহ্যবাহী শাহী হালিম বিক্রি করছেন ১৯৮৩ সাল থেকে। আপ্যায়ন হোটেলের মালিক বিষ্ণুপদ দাস বলেন, তাঁদের হালিম খুলনার সেরা শাহী হালিম নামে পরিচিত। ছয় প্রকারের ডালসহ বিশেষ মসলা দিয়ে এই হালিম বানানো হয়। তাঁরা প্রতি কেজি হালিম ২৬০ টাকা করে বিক্রি করছেন।
তবে খুলনা শহরের আদি বাসিন্দারা ইফতার-সামগ্রীতে এখনো চিড়া, দই ও পায়েশ-জাতীয় কিছু রাখেন বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে।
রোববার রোজার প্রথম দিনে খুলনায় দুপুরের পরপরই ক্রেতাদের সরব উপস্থিতিতে চলেছে দোকানিদের হাঁকডাকও। নগরের ডাকবাংলো মোড়, হেলাতলা মোড়, বড় বাজার এলাকা, ফেরিঘাট মোড়, সাউথ সেন্ট্রাল রোড, পিটিআই মোড়, রয়েলের মোড়, শিববাড়ি মোড়, নিউমার্কেট এলাকা, ময়লাপোতা মোড়, রূপসা ফেরিঘাট, খালিশপুর এলাকা ও দৌলতপুর বাসস্ট্যান্ড এলাকায় ইফতারির বাজারে বিক্রি হচ্ছে খেজুর, ছোলা ভুনা, পেঁয়াজি, বেগুনি, আলু ও ডিমের চপ, পাকোড়া, কলার মোচার চপ, সবজির চপ, ফুলুরি, চানা মসলা, ঘোল, মাঠা, ফিরনি, পিঠা, শাহি জিলাপিসহ আরও অনেক কিছু। তবে বেশির ভাগ দোকানেই ছিল হালিম।
ফেরিঘাটে সালাম সরদার নামের একজন ক্রেতা বলেন, ফেরিঘাটের দোকানগুলোয় পুরোনো ঐতিহ্যের একটা মিশেল রয়েছে। ইফতার ও মাগরিবের নামাজের পর এখানে দোকানগুলোতে নানা বয়সীদের আড্ডা যেন মিলনমেলায় পরিণত হয়।
এ ছাড়া নগরের অভিজাত ইফতারির দোকানগুলোয় বিক্রি হচ্ছে দইবড়া, ক্যাসিউনাট খেজুর, রেশমি জিলাপি, ফ্রুটস স্কিউয়ার, চিকেন কালিমির্চ, আচারি কাবাব, ক্রিসপি চিকেন, চিকেন ললি, রোজ মিল্ক, বসনিয়ান রুটি, আলু পরোটা, চিকেন টিক্কা, কোকোনাট প্রন, ফিলো প্রন, বিফ বটি কাবাব, চিকেন হারিয়ালি কাবাবসহ হরেক নামের উপাদেয় খাবার। তবে এগুলো সাধারণত কিনছেন মধ্যবিত্ত, উচ্চমধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণির মানুষজন। অভিজাত হোটেল সিটি ইন, রয়েল, ক্যাসল সালাম, ওয়েস্টার্ন ইন প্রভৃতি হোটেলে বসেছে ইফতার-সামগ্রীর মেলা।