খুলনার করোনা হাসপাতালে ৩ রোগীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
ছবি: রয়টার্স

খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে (ডায়াবেটিস হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে তাঁদের মৃত্যু হয়। মারা যাওয়া তিনজনের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। তাঁদের বয়স ৪০ থেকে ৬৫ বছরের মধ্যে।

হাসপাতাল সূত্র জানায়, আজ সকাল সাড়ে সাতটার দিকে অপু ঘোষ (৪৩) নামের একজন মারা যান। তাঁর বাড়ি খুলনার বটিয়াঘাট উপজেলায়। রোববার বিকেলে করোনা পজিটিভ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর সকাল সাড়ে ১০টার দিকে মো. হরমুজ আলী বিশ্বাস (৬২) নামের একজনের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি যশোরের অভয়নগর উপজেলায়। তিনি করোনা পজিটিভ হয়ে ২০ আগস্ট রাতে ভর্তি হয়েছিলেন।

বেলা আড়াইটার দিকে সেলিনা পারভীন (৫৫) নামের এক নারী মারা যান। তাঁর বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলায়। ১৩ আগস্ট করোনা শনাক্ত হওয়ার পর তিনি হাসপাতালে ভর্তি হন।

করোনা হাসপাতালের সমন্বয়কারী শেখ ফরিদ উদ্দিন বলেন, সোমবার সকাল পর্যন্ত এই হাসপাতালে ৯৫ জন ভর্তি ছিলেন। তিনজন করোনা রোগী মারা যাওয়ায় ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২।