খুলনার চার করোনা হাসপাতালে ১৪ জনের মৃত্যু
খুলনার চারটি করোনা হাসপাতালে মৃত্যুর সংখ্যা আবারও কিছুটা বেড়েছে। গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ওই হাসপাতালগুলোতে মারা গেছেন ১৪ জন। তাঁদের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন দুজন। এর আগের ২৪ ঘণ্টায় মারা গিয়েছিলেন ১০ জন, যা গত ১০ দিনের মধ্যে সর্বনিম্ন ছিল।
খুলনার করোনা হাসপাতালগুলোতে এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গত বৃহস্পতিবার থেকে শুক্রবার সকালের মধ্যে। ওই সময় মারা যান ২৭ জন। এর মধ্যে ৩ জনের উপসর্গ ছিল।
গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় অবস্থিত ১৩০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ৬ করোনা রোগীর মৃত্যু হয়। এ ছাড়া উপসর্গ নিয়ে ওই হাসপাতালে মারা গেছেন আরও দুজন।
২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর হাসপাতালে মৃত্যু হয়েছে চারজনের। আর বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন দুজন। এ সময়ের মধ্যে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।
খুলনা সিভিল সার্জনের কার্যালয়ের তথ্যানুযায়ী, জেলার ৪টি হাসপাতালে যে ১৪ করোনা রোগী মারা গেছেন, তাঁদের মধ্যে ৯ জন খুলনা জেলার। এ ছাড়া পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলায় একজন করে কোভিড রোগী মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ১১ জনের।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের মুখপাত্র চিকিৎসক সুহাস রঞ্জন হালদার জানান, আজ সকাল পর্যন্ত সেখানে রোগী ভর্তি আছেন ১৯৩ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগী ১২১ ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৩৬ জন। এ ছাড়া ওই হাসপাতালে থাকা ২০টি এইচডিইউ শয্যার বিপরীতে রয়েছেন ১৭ জন ও ২০টি আইসিইউ শয্যার বিপরীতে আছেন ১৯ জন।
হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় রেড জোনে ১৬ ও ইয়েলো জোনে ২১ রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতালে (৮০ শয্যা) বর্তমানে করোনায় আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন ৭১ জন। ওই হাসপাতালের মুখপাত্র কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ২০ জন নতুন করোনা রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র প্রকাশ চন্দ্র জানান, ওই হাসপাতালের ১০টি আইসিইউসহ ৪৫ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ৪৩ রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সেখানে ২ করোনা রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া ছাড়পত্র নিয়ে বাড়ি গেছেন তিনজন। ১০টি আইসিইউ শয্যার সব কটিতেই রোগী ভর্তি।
এ ছাড়া বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গাজী মিজানুর রহমান জানান, ১৫০ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ১৩৪ রোগী ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে আইসিইউতে ৮ জন এবং এইচডিইউতে ১১ জন চিকিৎসাধীন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩৩ জন ভর্তি হয়েছেন এবং ছাড়পত্র নিয়েছেন ২৭ জন।
খুলনা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শেখ সাদিয়া মনোয়ারা জানান, ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজে স্থাপিত আরটি–পিসিআর ল্যাব ও জেলার বিভিন্ন উপজেলায় ১ হাজার ৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৩১টি নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, যা ৪০ শতাংশ।