খুলনার চার হাসপাতালে করোনা ও উপসর্গে ১৩ জনের মৃত্যু
খুলনার চারটি করোনা হাসপাতালে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এসব হাসপাতালে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন। এর আগে গত বুধবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত মারা গিয়েছিলেন ২০ জন।
গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় অবস্থিত ১৩০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে চার করোনা রোগীর মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে ওই হাসপাতালে মারা গেছেন আরও তিনজন। এ ছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর হাসপাতালে দুজন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের মুখপাত্র চিকিৎসক সুহাস রঞ্জন হালদার জানান, আজ সকাল পর্যন্ত সেখানে রোগী ভর্তি আছেন ২০১ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগী আছেন ১৩৪ জন ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগী আছেন ২৭ জন। এ ছাড়া ওই হাসপাতালে থাকা ২০টি এইচডিইউ ও ২০টি আইসিইউ শয্যার কোনোটিই খালি নেই। হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় রেড জোনে ১৬ ও ইয়োলো জোনে ২২ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।
এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতালে (৮০ শয্যার করোনা ইউনিট) বর্তমানে করোনা আক্রান্ত ৬০ জন ভর্তি আছেন। ওই হাসপাতালের মুখপাত্র চিকিৎসক কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় ওই হাসপাতালে ৮ জন নতুন করোনা রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র চিকিৎসক প্রকাশ চন্দ্র জানান, ওই হাসপাতালের ১০টি আইসিইউসহ ৪৫ শয্যার করোনা ইউনিটে বর্তমানে কোনো শয্যাই খালি নেই। গত ২৪ ঘণ্টায় সেখানে ৬ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া ছাড়পত্র নিয়ে বাড়ি গেছেন চারজন।
এ ছাড়া বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে। ১৫০ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ১০৮ রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে ৭ জন এবং এইচডিইউতে ১১ জন চিকিৎসাধীন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৮ জন ভর্তি হয়েছেন ও ছাড়পত্র নিয়েছেন ২১ জন।