খুলনার চার হাসপাতালে করোনায় ১৫ জনের মৃত্যু
খুলনা নগরে অবস্থিত দুটি বেসরকারিসহ পাঁচটি করোনা হাসপাতালের মধ্যে চারটিতে করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।
স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় অবস্থিত ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ২ জন ও ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর হাসপাতালে ১ জন মারা গেছেন। একই সময়ের মধ্যে বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন করোনা রোগীর মৃত্যু হলেও বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় কোনো রোগী মারা যাননি।
খুলনা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, খুলনার চারটি হাসপাতালে যে ১৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে, এর মধ্যে খুলনা জেলার ১১ জন রয়েছেন। বাকিরা অন্য জেলা থেকে খুলনায় চিকিৎসা নিতে এসেছিলেন। গত ২৪ ঘণ্টায় খুলনায় ৭৬৫টি নমুনা পরীক্ষায় ১৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ৫২ শতাংশ।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের মুখপাত্র সুহাস রঞ্জন হালদার বলেন, আজ সকাল পর্যন্ত তাঁদের ২০০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি আছেন ১২৬ জন। এর মধ্যে করোনা রোগী আছেন ৪৬ জন ও করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৪৮ জন। হাসপাতালের ২০টি এইচডিইউতে রোগী ভর্তি আছেন ১৩ জন। আর ২০টি আইসিইউ শয্যার কোনোটি খালি নেই। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ২৬ জন ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২১ জন।