খুলনার চার হাসপাতালে ১১ জনের মৃত্যু
খুলনা মহানগরে অবস্থিত দুটি বেসরকারিসহ পাঁচটি করোনা হাসপাতালের মধ্যে চারটিতে ১১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। বাকি একটি হাসপাতালে ওই সময়ের মধ্যে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।
গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় অবস্থিত ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে পাঁচজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দুইজন ও ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর হাসপাতালে একজন এবং বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন তিনজন করোনা রোগী। ওই সময়ের মধ্যে বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় কোনো রোগী মারা যাননি।
খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, খুলনার চারটি হাসপাতালে যে ১১ করোনা রোগীর মৃত্যু হয়েছে, তার মধ্যে খুলনা জেলার রয়েছেন ৮ জন। বাকিরা অন্য জেলা থেকে খুলনায় চিকিৎসা নিতে এসেছিলেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় খুলনায় ৮৩৯টি নমুনা পরীক্ষা করে ১৯৭টি নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের মুখপাত্র চিকিৎসক সুহাস রঞ্জন হালদার জানান, আজ রোববার সকাল পর্যন্ত ২০০ শয্যার ওই হাসপাতালে রোগী ভর্তি আছেন ১১০ জন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগী আছেন ৩৯ জন ও করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগী আছেন ৩৮ জন। এ ছাড়া ওই হাসপাতালে থাকা ২০টি এইচডিইউতে রোগী ভর্তি আছেন ১৩ জন। আর ২০টি আইসিইউ শয্যার কোনোটিই খালি নেই। হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় ৮ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া ওই সময়ের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন।
এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতালে (৮০ শয্যার করোনা ইউনিট) বর্তমানে করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন ৩৫ জন। ওই হাসপাতালের মুখপাত্র চিকিৎসক কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় ওই হাসপাতালে ৯ জন নতুন করোনা রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র চিকিৎসক প্রকাশ চন্দ্র জানান, ওই হাসপাতালের ১০টি আইসিইউসহ ৪৫ শয্যার করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ৪১ জন। তবে কোনো আইসিইউ শয্যা খালি নেই। গত ২৪ ঘণ্টায় সেখানে ৫ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া ছাড়পত্র নিয়ে বাড়ি গেছেন চারজন।
বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে। ১৫০ শয্যার করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৭৬ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে রোগী ভর্তি হয়েছেন ১১ জন ও ছাড়পত্র নিয়েছেন ৭ জন।
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) মো. হামিদুল ইসলাম খান জানান, ৮৭ শয্যার করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি। বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ৬৮ জন। ২৪ ঘণ্টায় সেখানে ১০ জন ভর্তি ও ১ জন ছাড়পত্র নিয়েছেন।