খুলনার চার হাসপাতালে ১২ জনের মৃত্যু
খুলনার চারটি করোনা হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাঁদের মৃত্যু হয়। এর মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন ২ জন, করোনায় মারা গেছেন ১০ জন। এর আগে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়। আজ বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
খুলনার করোনা হাসপাতালগুলোতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকালের মধ্যে। এ সময় ২৭ জনের মৃত্যু হয়। এর মধ্যে তিনজনের করোনার উপসর্গ ছিল।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় অবস্থিত ১৩০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে দুজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। সেখানে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন। ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর হাসপাতালে মৃত্যু হয়েছে চারজনের। আর বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন তিনজন করোনা রোগী। শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, খুলনার চারটি হাসপাতালে যে ১০ জন কোভিড রোগী মারা গেছেন, এর মধ্যে ৪ জন খুলনা জেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৯১টি নমুনা পরীক্ষায় ৩৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ দশমিক ৮৪।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের মুখপাত্র সুহাস রঞ্জন হালদার বলেন, আজ বুধবার সকাল পর্যন্ত তাঁদের হাসপাতালে রোগী ভর্তি আছেন ২০১ জন। এর মধ্যে করোনা রোগী ১৩৫ জন ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ২৬ জন।হাসপাতালের ২০টি এইচডিইউ ও ২০টি আইসিইউ শয্যার কোনোটিই খালি নেই। হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় রেড জোনে ২০ ও ইয়েলো জোনে ১৮ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।