খুলনার তিন হাসপাতালে আটজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগরে অবস্থিত দুটি বেসরকারিসহ পাঁচটি করোনা হাসপাতালের মধ্যে তিনটিতে আটজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। বাকি দুটি হাসপাতালে ওই সময়ের মধ্যে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।

আগের দিন ওই পাঁচটি হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছিল। হাসপাতালগুলোতে করোনা রোগীর মৃত্যুর সঙ্গে সঙ্গে কমেছে রোগীর চাপও। ১৫ দিন আগেও যেখানে হাসপাতালগুলোতে কোনো শয্যা খালি ছিল না, সেখানে প্রতিটি হাসপাতালেই এখন কিছু করে শয্যা খালি পড়ে আছে। তবে চাহিদা রয়েছে আইসিইউ শয্যার। দুই সরকারি হাসপাতালে থাকা ৩০টি আইসিইউ শয্যার কোনোটিই খালি পড়ে থাকছে না।

এদিকে খুলনা জেলায় রোগী শনাক্তের হারও অনেক কমে গেছে। বর্তমানে প্রতিদিন রোগী শনাক্ত হচ্ছে ২১ থেকে ৩০ শতাংশের মধ্যে, যা প্রায় এক মাস আগেও ছিল ৪০ থেকে ৫০ শতাংশ।

রোগী শনাক্ত কমে যাওয়ার কারণ হিসেবে খুলনার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, ঈদের আগে খুলনা জেলায় প্রায় এক মাস বিধিনেষেধ দেওয়া হয়েছিল। এখন ওই বিধিনেষেধের ফল পাওয়া যাচ্ছে। কমছে রোগী শনাক্তের হার। এ ছাড়া আশপাশের মানুষের মৃত্যু দেখে মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়েছেন। তাঁরা মাস্ক ব্যবহার করছেন ও স্বাস্থ্যবিধি মেনে চলছেন।

হাসপাতালের ওপর রোগীর চাপ কমার কারণ হিসেবে তিনি বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর খুব বেশি জটিলতা দেখা না দিলে এখন করোনা রোগীদের হাসপাতালে ভর্তি করছেন না স্বজনেরা। সাধারণত বাসায় বসেই অধিকাংশ রোগী চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালগুলোর দৈনিক ভিত্তিক প্রতিবেদন থেকে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় অবস্থিত ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে তিনজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দুজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন মারা গেছেন। ওই সময়ের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতালে ও বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কোনো রোগী মারা যাননি।

খুলনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, খুলনার তিনটি হাসপাতালে যে আটজন করোনা রোগীর মৃত্যু হয়েছে, তার মধ্যে খুলনা জেলার রয়েছেন চারজন। বাকিরা অন্য জেলা থেকে খুলনায় চিকিৎসা নিতে এসেছিলেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় খুলনায় ৭০২টি নমুনা পরীক্ষা করে ১৬৬টি নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
হাসপাতালগুলোতে রোগী ভর্তির তথ্য থেকে দেখা গেছে, আজ সকাল পর্যন্ত ২০০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালে রোগী ভর্তি আছেন ১২৯ জন। করোনায় আক্রান্ত রোগী আছেন ৫১ জন ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৪৫ জন। এ ছাড়া ওই হাসপাতালে থাকা ২০টি এইচডিইউতে রোগী ভর্তি আছেন ১৩ জন। ২০টি আইসিইউ শয্যার সব কটিই পরিপূর্ণ।

৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতালে (৮০ শয্যার করোনা ইউনিট) বর্তমানে করোনায় আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন ৩৯ জন। গত ২৪ ঘণ্টায় ওই হাসপাতালে সাতজন নতুন করোনা রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১০টি আইসিইউসহ ৪৫টি শয্যা নিয়ে করা হয়েছে করোনা ইউনিট। ওই করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ৪১ জন। তবে কোনো আইসিইউ শয্যা খালি নেই। গত ২৪ ঘণ্টায় সেখানে ৪ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া ছাড়পত্র নিয়ে বাড়ি গেছেন তিনজন।
বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় প্রস্তুত করা হয়েছিল ১৫০টি শয্যা। বর্তমানে সেখানে রোগী ভর্তি আছেন ৬৮ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে রোগী ভর্তি হয়েছেন ১৩ জন ও ছাড়পত্র নিয়েছেন ১৭ জন।
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে ৯০টি শয্যা। বর্তমানে সেখানে রোগী ভর্তি রয়েছেন ৫৭ জন। ২৪ ঘণ্টায় সেখানে ৪ জন ভর্তি ও ১১ জন ছাড়পত্র নিয়েছেন।