খুলনার তিন হাসপাতালে করোনায় আরও ৮ জনের মৃত্যু
খুলনার গত ২৪ ঘণ্টায় করোনায় ও করোনা উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালসহ তিন হাসপাতালে তাঁরা মারা যান। আজ শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় অবস্থিত খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরও একজন। আর খুলনা সদর হাসপাতালে ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে দুজন করোনা রোগী মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ওই রোগীরা মারা যান। বর্তমানে খুলনায় ওই তিনটি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
খুলনা করোনা হাসপাতালের মুখপাত্র চিকিৎসক সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা ১৩০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালে আজ বৃহস্পতিবার সকালে রোগী ভর্তি ছিলেন ১৫৪ জন। করোনায় আক্রান্ত রোগী ছিলেন ৯৬ জন ও করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগী ছিলেন ২২ জন। এ ছাড়া ওই হাসপাতালের এইচডিইউ ইউনিটে ২০ জন ও আইসিইউতে ১৬ জন রোগী ভর্তি ছিলেন। হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় রেড জোনে ২১ ও ইয়োলো জোনে ১৮ জন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতালে বর্তমানে করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন ৬৯ জন। ওই হাসপাতালের মুখপাত্র কাজী আবু রাশেদ জানান, আজ তাঁদের এখানে একজন রোগী মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ১৪ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। আর আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।
বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ৯৪ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে ৯ জন এবং এইচডিইউতে ৭ জন চিকিৎসাধীন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৯ জন ভর্তি হয়েছেন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। এ ছাড়া হাসপাতালের আরটি পিসিআর মেশিনে ৩৫ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মেহেদী নেওয়াজ জানান, ওই কলেজের আরটি পিসিআর ল্যাবে বৃহস্পতিবার রাতে মোট ৩৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনার ৩২১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ১৪ জন, যশোরে ৬ জন, সাতক্ষীরায় ২ জন ও গোপালগঞ্জ জেলার ১ জন রয়েছেন। মোট নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫১ দশমিক ৫৫ শতাংশ হয়েছে বলে জানা গেছে।