খুলনার তিন হাসপাতালে ১২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে করোনায় মৃত্যু বাড়ছে
ফাইল ছবি

খুলনা মহানগরে অবস্থিত দুটি বেসরকারিসহ পাঁচটি করোনা হাসপাতালের মধ্যে তিনটিতে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। বাকি দুটি হাসপাতালে ওই সময়ের মধ্যে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।

গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় অবস্থিত ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া সেখানে চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন। আর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে তিনজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চারজন করোনা রোগী মারা গেছেন। এর বাইরে ওই সময়ের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর হাসপাতালে ও বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কোনো রোগী মারা যাননি।

খুলনা সিভিল সার্জন কাযালয়ের তথ্যানুযায়ী, খুলনার তিনটি হাসপাতালে যে ১২ করোনা রোগীর মৃত্যু হয়েছে, এর মধ্যে খুলনা জেলার রয়েছেন ৭ জন। বাকিরা অন্য জেলা থেকে খুলনায় চিকিৎসা নিতে এসেছিলেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় খুলনায় ৮৩৪টি নমুনা পরীক্ষা করে ১৭৬টি নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের ওই হার মাত্র ২১। এর আগের দিন শনাক্তের হার ছিল ২৪।

রোগী শনাক্ত কমে যাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে রোগীর চাপও অনেক কমে গেছে। প্রতিটি হাসপাতালেই বেশ কিছু শয্যা খালি রয়েছে। তবে চাহিদা রয়েছে আইসিইউ শয্যার। দুই হাসপাতালে থাকা ৩০টি আইসিইউ শয্যার কোনোটিই বর্তমানে খালি নেই।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের মুখপাত্র সুহাস রঞ্জন হালদার জানান, আজ সকাল পর্যন্ত ২০০ শয্যার ওই হাসপাতালে রোগী ভর্তি আছেন ১২৭ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগী আছেন ৪৬ জন ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগী আছেন ৪৮ জন। এ ছাড়া ওই হাসপাতালে থাকা ২০টি এইচডিইউতে রোগী ভর্তি আছেন ১৩ জন। আর ২০টি আইসিইউ শয্যার কোনোটিই খালি নেই। হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় ২৭ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া ওই সময়ের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।

এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতালে (৮০ শয্যার করোনা ইউনিট) বর্তমানে করোনায় আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন ৪০ জন। ওই হাসপাতালের মুখপাত্র কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় ওই হাসপাতালে ১২ জন নতুন করোনা রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র প্রকাশ চন্দ্র জানান, ওই হাসপাতালের ১০টি আইসিইউসহ ৪৫ শয্যার করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ৪০ জন। তবে কোনো আইসিইউ শয্যা খালি নেই। গত ২৪ ঘণ্টায় সেখানে ৫ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া ছাড়পত্র নিয়ে বাড়ি গেছেন একজন।

বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। ১৫০ শয্যার করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৭৩ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে রোগী ভর্তি হয়েছেন ১৫ জন ও ছাড়পত্র নিয়েছেন ১৪ জন।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) মো. হামিদুল ইসলাম খান জানান, ৯০ শয্যার করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি। বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ৬৪ জন। ২৪ ঘণ্টায় সেখানে ৮ জন ভর্তি হয়েছেন ও ১১ জন ছাড়পত্র নিয়েছেন।