খুলনার দুই হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৯
খুলনা নগরে দুটি বেসরকারিসহ পাঁচটি করোনা হাসপাতালের মধ্যে দুটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় ৯ জন মারা গেছেন। গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। একই সময়ে বাকি তিন করোনা হাসপাতালে কোনো করোনা রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি। এর আগের ২৪ ঘণ্টায় এসব হাসপাতালে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা ৯ দিনে খুলনায় করোনা রোগীর মৃত্যুর সংখ্যা দুই অঙ্কের নিচে থাকল।
হাসপাতালগুলোর দৈনিকভিত্তিক প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় অবস্থিত ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে সাতজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আর বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা গেছেন দুজন। এ সময়ের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতাল, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল ও বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও করোনায় কারও মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, খুলনার দুটি হাসপাতালে যে ৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ৭ জন খুলনা জেলার বাসিন্দা। বাকি দুজন অন্য জেলা থেকে খুলনায় চিকিৎসা নিতে এসেছিলেন। এদিকে গত ২৪ ঘণ্টায় ৪১১ জনের নমুনা পরীক্ষায় ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৮৯ শতাংশ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আজ সকাল পর্যন্ত ২০০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালে রোগী ভর্তি আছেন ১১৮ জন। তাঁদের মধ্যে করোনা সংক্রমণের রোগী আছেন ৪৭ জন এবং করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৪০ জন। হাসপাতালে থাকা ২০টি এইচডিইউতে রোগী ভর্তি আছেন ১১ জন। আর ২০টি আইসিইউ শয্যার কোনোটি খালি নেই।
এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর হাসপাতালে (৮০ শয্যার করোনা ইউনিট) বর্তমানে করোনায় আক্রান্ত রোগী ভর্তি আছেন ২৭ জন। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে কেউ ভর্তি হননি। তবে ছাড়পত্র পেয়েছেন ১ জন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১০টি আইসিইউসহ ৪৫টি শয্যার করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৩৬ জন। তবে কোনো আইসিইউ শয্যা খালি নেই। গত ২৪ ঘণ্টায় সেখানে একজন করোনা রোগী ভর্তি হলেও কেউ ছাড়পত্র পাননি।
বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা ১৫০টি শয্যার বিপরীতে সেখানে রোগী ভর্তি আছেন ৫০ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে রোগী ভর্তি হয়েছেন ৪ জন ও ছাড়পত্র নিয়েছেন ৩ জন।
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আছে ৯০টি শয্যা। বর্তমানে সেখানে রোগী ভর্তি আছেন ৬৩ জন। ২৪ ঘণ্টায় সেখানে ৭ জন ভর্তি হয়েছেন ও ১৩ জন ছাড়পত্র নিয়েছেন।