খুলনার পাঁচ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ২৬ জনের মৃত্যু
খুলনার পাঁচটি হাসপাতালে গতকাল শনিবার সকাল থেকে আজ রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন সাতজন। আর করোনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। আজ জেলা স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় অবস্থিত ১৩০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে আটজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মারা গেছেন সাতজন। ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর হাসপাতালে দুজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে করোনায় মারা গেছেন তিনজন। বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। খুলনার এই চার করোনা হাসপাতালের বাইরে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন তিনজন করোনা রোগী।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের মুখপাত্র সুহাস রঞ্জন হালদার বলেন, আজ সকাল পর্যন্ত তাঁদের হাসপাতালে ভর্তি আছেন ২০৬ জন। এর মধ্যে করোনা রোগী আছেন ১৪১ জন ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ২৬ জন। হাসপাতালের ২০টি এইচডিইউ শয্যায় ১৯ জন ভর্তি আছেন। আর ২০টি আইসিইউ শয্যার একটিও খালি নেই। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে রেড জোনে ৮ ও ইয়েলো জোনে ১৯ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭৯টি নমুনা পরীক্ষায় ৩৯৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ২৮ দশমিক ৫৭ শতাংশ। এদিকে পাঁচ হাসপাতালে করোনায় যে ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জন খুলনা জেলার বাসিন্দা। বাকিরা অন্য জেলা থেকে খুলনায় চিকিৎসা নিতে এসেছিলেন।