খুলনার সব রাজনৈতিক হত্যাকাণ্ডের পুনর্বিচার চাইলেন মেয়র খালেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ এস এম এ রব চত্বর উদ্বোধন অনুষ্ঠানে খুলনা সিটির মেয়র তালুকদার আবদুল খালেক। বুধবার খুলনা নগরের কেডিএ নিউমার্কেট এলাকায়
প্রথম আলো

এস এম এ রব, মঞ্জুরুল ইমাম, বিথারসহ খুলনার সব রাজনৈতিক হত্যাকাণ্ডের পুনর্বিচার চেয়েছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। তিনি বলেন, খুলনার কোনো রাজনৈতিক হত্যাকাণ্ডের সঠিক বিচার হয়নি। এসব রাজনৈতিক হত্যাকাণ্ডের কারণ খুলনাবাসী জানতে চান।

আজ বুধবার খুলনা নগরের কেডিএ নিউমার্কেট এলাকায় শহীদ এস এম এ রব চত্বর উদ্বোধন অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
২০০০ সালের ১১ আগস্ট খুলনার সোনাডাঙ্গা এলাকায় নিজবাড়ির সামনে জুমার নামাজ আদায় করতে গিয়ে অস্ত্রধারীদের গুলিতে নিহত হন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা এস এম এ রব। তাঁর নাম অনুসারে নিউমার্কেটের পাশে ‘রব চত্বর’ প্রতিষ্ঠা করা হয়েছে।

অস্ত্রধারীদের গুলিতে নিহত বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা এস এম এ রবের নাম অনুসারে খুলনা নিউমার্কেটের পাশে ‘রব চত্বর’ প্রতিষ্ঠা করা হয়েছে।

রবের স্মৃতিচারণা করে সিটি মেয়র বলেন, এস এম এ রব ছিলেন একজন উদার মনের কর্মীবান্ধব জনদরদি নেতা। তিনি সব দল-মত, শ্রেণি-পেশার মানুষের আস্থাভাজন ব্যক্তি ছিলেন। এ ধরনের সমাজসেবীর কখনো মৃত্যু হয় না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ এস এম এ রব স্মৃতি পরিষদের সভাপতি মুজিবর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ আবদুল গফফার বিশ্বাস, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাস, এস এম এ রবের ছেলে বিশিষ্ট শিল্পপতি এস এম আরিফুর রহমান প্রমুখ।