খুলনার ৫ হাসপাতালে ১৮ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগরে অবস্থিত দুটি বেসরকারিসহ পাঁচটি করোনা হাসপাতালে ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।

গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় অবস্থিত ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া ওই হাসপাতালে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৪ জন। শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৩ জন ও ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর হাসপাতালে ১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ওই সময়ের মধ্যে বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন ও সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন মারা গেছেন।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের মুখপাত্র চিকিৎসক সুহাস রঞ্জন হালদার জানান, আজ সকাল পর্যন্ত ২০০ শয্যার ওই হাসপাতালে রোগী ভর্তি আছেন ১০৯ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগী আছেন ৪২ জন এবং করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগী ৩৪ জন। এ ছাড়া ওই হাসপাতালে থাকা ২০টি এইচডিইউতে রোগী ভর্তি ১৩ জন। আর ২০টি আইসিইউ শয্যার কোনোটিই খালি নেই। হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় ১০ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া ওই সময়ের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন।

এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতালে (৮০ শয্যার করোনা ইউনিট) বর্তমানে করোনায় আক্রান্ত রোগী ভর্তি আছেন ৩৩ জন। ওই হাসপাতালের মুখপাত্র চিকিৎসক কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় ওই হাসপাতালে ৩ জন নতুন করোনা রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র চিকিৎসক প্রকাশ চন্দ্র জানান, ওই হাসপাতালের ১০টি আইসিইউসহ ৪৫ শয্যার করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ৩৬ জন। তবে কোনো আইসিইউ শয্যা খালি নেই। গত ২৪ ঘণ্টায় সেখানে কেউ ভর্তি না হলেও ২ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন।

বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। ১৫০ শয্যার করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৯১ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে রোগী ভর্তি হয়েছেন ১৯ জন এবং ছাড়পত্র নিয়েছেন ৮ জন।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) মো. হামিদুল ইসলাম খান জানান, ৯০ শয্যার করোনা ইউনিটে ২ জন রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ৬৯ জন। ২৪ ঘণ্টায় সেখানে ১৩ জন ভর্তি ও ১১ জন ছাড়পত্র নিয়েছেন।