খুলনায় ইলিশ ছাড়া বৈশাখ উদ্যাপনের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বৃহত্তর স্বার্থ বিবেচনায় জাটকা ও মা-ইলিশ রক্ষায় এবার ইলিশ ছাড়াই বাংলা নববর্ষ উদ্‌যাপন করবে খুলনা জেলা প্রশাসন। আজ সোমবার খুলনার জেলা প্রশাসক (ডিসি) নাজমুল আহসান এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

‘ডিসি খুলনা’ নামের ফেসবুক পেজে নাজমুল আহসান লিখেছেন, ‘প্রিয় খুলনাবাসী এবং ফেসবুক বন্ধুরা, শুভ নববর্ষ ১৪২৩। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে চলমান মৌসুমটি হচ্ছে ইলিশ প্রজননের উৎকৃষ্ট সময়। এ সময় পয়লা বৈশাখকে উপলক্ষ করে বাজারে ইলিশের চাহিদা বেড়ে যায়। ফলে, নদীতে জাটকা ও মা–ইলিশ নিধন শুরু হয় ব্যাপক হারে। তাই জাতীয় বৃহত্তর স্বার্থ বিবেচনা করে জেলা প্রশাসন খুলনা এ বছরের (১৪২৩ বঙ্গাব্দ) পয়লা বৈশাখের আয়োজনে ইলিশ মাছ না রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে, অন্য সব আয়োজন আগের মতোই থাকবে। সবার জন্য শুভ কামনা রইল। জেলা প্রশাসক, খুলনা।’

জেলা প্রশাসকের এই সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছেন। তাঁরা তাঁর এই সিদ্ধান্তের পক্ষে মন্তব্যও করেছেন।

জেলা প্রশাসনের উদ্যোগে পয়লা বৈশাখ সকাল সাতটায় নগরের শিববাড়ি মোড় থেকে খুলনা অফিসার্স ক্লাব পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা হবে।

সকাল সাড়ে সাতটায় জেলা প্রশাসকের বাংলোর ঐতিহ্যবাহী বকুলতলায় পান্তা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

এ ছাড়া নগরের জাতিসংঘ শিশুপার্কে তিন দিনব্যাপী বৈশাখী মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।