খুলনায় একজনের মৃত্যু, অর্ধেক শয্যা খালি
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় অবস্থিত ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে প্রতিদিনই ২ থেকে ৯ জন করে করোনা রোগী মারা যাচ্ছিলেন। কিন্তু গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ওই হাসপাতালে কেউ মারা যাননি। তবে আজ একেবারে মৃত্যুহীন হয়নি খুলনা। আজ শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১ জন মারা গেছেন।
খুলনা মহানগরে দুটি বেসরকারিসহ পাঁচটি হাসপাতালে করোনার চিকিৎসা দেওয়া হয়। গতকাল একই সময়ের মধ্যে তিনটি হাসপাতালে ৪ জন মারা গিয়েছিলেন। আজ মহানগরে অবস্থিত বাকি চারটি হাসপাতালে ওই সময়ের মধ্যে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। এটা নিয়ে টানা ২১ দিন খুলনায় করোনা রোগীর মৃত্যুর সংখ্যা দুই অঙ্কের নিচে থাকল।
হাসপাতালগুলোর দিনভিত্তিক প্রতিবেদন থেকে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতাল, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় কেউ মারা যাননি।
রোগী ভর্তির তথ্য থেকে দেখা গেছে, আজ সকাল পর্যন্ত ২০০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালে রোগী ভর্তি আছেন ৮৪ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগী আছেন ৩৩ জন ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগী আছেন ২০ জন। এ ছাড়া ওই হাসপাতালে থাকা ২০টি এইচডিইউতে রোগী ভর্তি আছেন ১১ জন। আর ২০টি আইসিইউ শয্যার সব কটিই পরিপূর্ণ।
এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতালে (৮০ শয্যার করোনা ইউনিট) বর্তমানে করোনায় আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন পাঁচজন। গত ২৪ ঘণ্টায় ওই হাসপাতালে কেউ ভর্তি না হলেও তিনজন ছাড়পত্র নিয়েছেন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১০টি আইসিইউসহ ৪৫টি শয্যার করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ২৩ জন। সব কটি আইসিইউ শয্যা পরিপূর্ণ। গত ২৪ ঘণ্টায় সেখানে ২ জন ভর্তি ও ৪ জন ছাড়পত্র নিয়েছেন।
বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় প্রস্তুত করা ১৫০টি শয্যার বিপরীতে সেখানে রোগী ভর্তি আছেন ১৬ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে ১ জন ভর্তি ও ৫ জন ছাড়পত্র নিয়েছেন।
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে ৯০টি শয্যা। বর্তমানে সেখানে রোগী ভর্তি রয়েছেন ৩৬ জন। ২৪ ঘণ্টায় সেখানে ৩ জন ভর্তি ও ৯ জন ছাড়পত্র নিয়েছেন।