খুলনায় এবার কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
মাত্র এক দিনের ব্যবধানে খুলনা মহানগরে আবারও খুনের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে সৈয়দ তাহমিদুন্নবী (১৯) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে বুধবার রাত সাড়ে আটটার দিকে মুজগুন্নী বাসস্ট্যান্ড এলাকায় জুলকার নাঈম (৩৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
সৈয়দ তাহমিদুন্নবী দৌলতপুর থানার নতুন রাস্তা সাহাপাড়া মোড়া এলাকার সৈয়দ তৌহিদুন্নবীর ছেলে। তিনি নগরের রায়ের মহল কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করেছেন। স্নাতক ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
নিহত ছাত্রের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা দুইটার দিকে নতুন রাস্তা সাহাপাড়া মোড়া এলাকার কাঠমিস্ত্রি পলাশ মোল্লা বাসা থেকে তাহমিদুন্নবীকে ডেকে নিয়ে যান। এরপর সেখানে আগে থেকে উপস্থিত থাকা চার-পাঁচজন সন্ত্রাসী তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাহমিদুন্নবীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম সকালের দিকে প্রথম আলোকে বলেন, ঘটনার পরপরই পিয়াল মোল্লা নামের এক যুবককে আটক করা হয়েছে। তিনি পলাশ মোল্লার ভাতিজা। পলাশ মোল্লাকে আটকের চেষ্টা চলছে। ওই ঘটনায় নিহত ছাত্রের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।