খুলনায় করোনা শনাক্তের হার বাড়ছে, মৃত্যুও বেশি
খুলনা জেলায় গত বছরের ১৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল। এরপরের ১২ মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ১৪৭ জন। অর্থাৎ প্রতি মাসে গড়ে ১২ জনের মৃত্যু হয়েছে। তবে চলতি মে মাসের হিসাবে জেলায় করোনায় আক্রান্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। গড় হিসাবে এই এক মাসে করোনায় মৃত্যু দ্বিগুণ হয়েছে।
জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি মাসের প্রথম ১৫ দিনে খুলনায় ২ হাজার ৫০২টি নমুনা পরীক্ষায় ৪৪৬ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। শনাক্তের হার ছিল গড়ে ১৭ দশমিক ৮৩ শতাংশ। আর ঈদের পরের ১৫ দিনে ২ হাজার ৯৯২ নমুনা পরীক্ষায় পজিটিভ হন ৬৪৮ জন। শনাক্তের গড় হার ২১ দশমিক ৬৬ শতাংশ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সচেতনতার অভাব, স্বাস্থ্যবিধি না মানাসহ নানা করণে খুলনা জেলায় কোভিডে আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। বছরের প্রথম তিন মাস আক্রান্তের হার কম থাকলেও এপ্রিলে এসে তা অনেক বেড়ে যায়। আর চলতি মে মাসেও সংক্রমণ পরিস্থিতি কমেনি, বরং ঈদের পর সংক্রমণের মাত্রা বেড়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা প্রয়োজন বলে মনে করছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।
এদিকে খুলনায় ভারত ভ্রমণ ছাড়াই ভারতীয় ধরনের আক্রান্তের খবর পাওয়া গেছে। সব মিলিয়ে চিন্তিত হয়ে পড়েছেন চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষ।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৮ মে বাংলাদেশের দুই ব্যক্তির শরীরে করোনার ভারতীয় ধরনের (বি.১.৬১৭.২) অস্তিত্ব পাওয়া যায়। তাঁরা দুজনই পুরুষ এবং উভয়ই ভারত থেকে দেশে ফিরেছিলেন। তাঁদের একজন ছিলেন খুলনার। খুলনায় ভারতীয় ধরনে আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত চার বলে জানা গেছে। এর মধ্যে দুই বছরের শিশুসহ তিনজনের ভারত ভ্রমণের ইতিহাস আছে। সর্বশেষ ব্যক্তি সম্প্রতি ভারত ভ্রমণ করেননি।
খুলনা সিভিল সার্জন ও বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ১ থেকে ৩০ মে খুলনা বিভাগে ২ হাজার ৯২৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে শনাক্ত ১ হাজার ৯৪ জনই খুলনা জেলার। তার মধ্যে আবার খুলনা শহরের ৯৪৮ জন। এ সময়ে খুলনায় মারা গেছেন ২৫ জন। এর মধ্যে শহরের ২০ জন।
চলতি মাসের প্রথম ১৫ দিনে, অর্থাৎ ঈদের আগের ১৫ দিনে ৪৪৬ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে শহরের ৩৯৫ জন। ওই সময়ের মধ্যে মারা যান ১২ জন। আর ঈদের পরের ১৫ দিন, অর্থাৎ ১৬ থেকে ৩০ মে পর্যন্ত শনাক্ত হয়েছেন ৬৪৮ জন। এর মধ্যে শহরের ৫৫৩ জন। এ সময়ে মারা গেছেন ১৩ জন।
খুলনা জেলায় করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৭২ জন। এদিকে জেলায় মোট আক্রান্ত ১০ হাজার ১৭৪ রোগীর মধ্যে খুলনা নগরেই শনাক্ত রোগীর সংখ্যা ৮ হাজার ২৭৪। অর্থাৎ জেলার প্রায় ৮১ শতাংশ রোগীই খুলনা নগরের। খুলনা নগরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৩৬ জন।
গত বছরের ১৩ এপ্রিল খুলনার ছোট বয়রার করিম নগরে জেলার প্রথম করোনা রোগী শনাক্ত হন। স্বাস্থ্য বিভাগে তথ্য থেকে দেখা গেছে, খুলনায় করোনা শনাক্তের প্রথম দুই মাসে সংক্রমণের গতি ধীর ছিল। গত বছরের জুনে সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকে। এরপর জুলাই মাসে দুটিই অনেক বেড়ে যায়। আগস্টে সংক্রমণ বাড়লেও মৃত্যু কিছুটা কমে যায়। সেপ্টেম্বর থেকে সংক্রমণ ও মৃত্যু কমতে থাকে। এরপর থেকে চলতি বছরের মার্চ পর্যন্তও পরিস্থিতি একটু উন্নতির দিকে ছিল।
খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে আজ রোববার সকাল পর্যন্ত পাওয়া তথ্যে ৭০ করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ৯ জন রয়েছেন আইসিইউতে।
করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা খুলনা জেলায় মানুষের সচেতনতা এখনো কম। রাস্তাঘাট, বাজার-রোস্তোরাঁয় মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায় না।
খুলনার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, এপ্রিলের শুরু থেকে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা দিন দিন বেড়েছে। চলতি মে মাসের শুরুর দিকে কিছুটা কম ছিল। ঈদের পর আবার বেড়েছে। স্বাস্থ্যবিধি মেনে না চলাই করোনা বাড়ার একমাত্র কারণ।