খুলনায় করোনা হাসপাতালে ৬৪ দিন পর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে দীর্ঘ ৬৪ দিন পর করোনা সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সর্বশেষ ৮ নভেম্বর একই ইউনিটে করোনায় একজনের মৃত্যু হয়েছিল।

মারা যাওয়া ব্যক্তির নাম নুরুল ইসলাম (৭০)। তাঁর বাড়ি খুলনা নগরের ফারাজিপাড়া এলাকায়। ৯ জানুয়ারি কোভিড শনাক্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

খুলনা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ পর্যন্ত খুলনা জেলায় কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০৯ জন। আর বিভাগের ১০ জেলায় করোনায় মারা গেছেন ৩ হাজার ১৯৫ জন। গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত খুলনা জেলায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৯ জন। একই সময়ে বিভাগে কোভিডে আক্রান্ত হয়েছেন ৫৪ জন। বর্তমানে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ১৪ জন ভর্তি আছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত ব্যক্তি আছেন ১ জন ও করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৩ জন। তবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) কোনো রোগী নেই।

ডেডিকেটেড করোনা হাসপাতালের মুখপাত্র সুহাস রঞ্জন হালদার প্রথম আলোকে বলেন, তিন মাসের মতো করোনা হাসপাতালে তেমন কোনো রোগী ছিলেন না। সম্প্রতি রোগীর সংখ্যা বাড়ছে। আরও হয়তো বাড়বে। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যবার যেসব সংকট ছিল, এখন তা হবে না বলে আশা করা হচ্ছে।

২৫ জনকে জরিমানা

নিষেধাজ্ঞার প্রথম দিন আজ সকাল থেকে দুপুর পর্যন্ত খুলনা মহানগরে দুটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। মাস্ক না থাকায় ও স্বাস্থ্যবিধি না মানায় অভিযানে ২৫ জনকে ১১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। সন্ধ্যার দিকে আরও একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

খুলনা জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মণ্ডল বলেন, সাধারণত মাস্ক না থাকা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে ওই অভিযান পরিচালনা করা হয়েছে। মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে নিষেধাজ্ঞার মধ্যে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার পরিকল্পনা আছে।