খুলনায় করোনার মধ্যে ডেঙ্গুতে মৃত্যু
খুলনা বিভাগে করোনা সংক্রমণ ও মৃত্যুর ভয়াবহতা কিছুটা কমেছে। তবে নতুন উপদ্রব হিসেবে দেখা দিয়েছে ডেঙ্গু। গতকাল সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছর প্রথমবারের মতো ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।
করোনার সংক্রমণের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টকর হবে বলে মনে করছেন স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তিরা।
এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত শনিবার ১০ শয্যার ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও হাসপাতালের ডেঙ্গু ইউনিটের মুখপাত্র উৎপল কুমার চন্দ প্রথম আলোকে বলেন, ডেঙ্গু পরীক্ষার কিট এবং রি-এজেন্টের পর্যাপ্ত ব্যবস্থা আছে। আপাতত ১০ শয্যার ইউনিট খোলা হয়েছে। প্রয়োজনে সম্প্রসারণ করার প্রস্তুতি আছে।
গত রোববার দিবাগত রাতে ওই হাসপাতালে ডেঙ্গু ইউনিটে ডেঙ্গু হেমোরেজিক ফিভার নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাইফুল ইসলাম (৩৬) নামের এক যুবক। তাঁর বাড়ি খুলনা নগরের সোনাডাঙ্গা থানা এলাকার শেখপাড়ায়।
খুলনা স্বাস্থ্য বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে জানা গেছে, জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সব মিলিয়ে বিভাগে বর্তমানে ছয়জন রোগী ডেঙ্গু নিয়ে চিকিৎসাধীন। এই ছয়জনের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুজন।
২০১৯ সালে খুলনা বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা এর আগের সব বছরের রেকর্ড ছাড়িয়েছিল। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে বিভাগে ১১ হাজার ৪৭৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯ জন প্রাণ হারান। খুলনা জেলায় ওই বছর ২ হাজার ৯৫ জন আক্রান্ত হয়ে ২৬ জন মারা যান। গত বছর বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হন ১০৪ জন, আর মারা যান ১ জন। খুলনায় ডেঙ্গুর কবলে পড়েছিলেন ২ জন।
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। তবে মাঠপর্যায়ে সেগুলোর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন আছে।
কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ বলছে, সারা বছর ধরেই মশকনিধনের কাজ চালাচ্ছে তারা। ডেঙ্গু প্রতিরোধমূলক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে। এ ছাড়া নালা-নর্দমা পরিষ্কার এবং মশার ডিম বা লার্ভা নিধনের জন্য ওষুধ ছিটানো হচ্ছে। বৃষ্টির সময় মশার লার্ভা বা ডিম নিধনেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ফগার মেশিনের মাধ্যমে ওষুধ স্প্রে কম হচ্ছে। প্রতি ওয়ার্ডে দুজন নিয়মিত কর্মীর বাইরেও আলাদা শ্রমিক নেওয়া হচ্ছে। স্প্রে মেশিন পর্যাপ্ত আছে। আরও কেনার প্রক্রিয়া চলছে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আজমুল হক প্রথম আলোকে বলেন, মৌসুমের শুরু থেকেই ডেঙ্গু নিয়ে কাজ চলছে। মাঝে কয়েক দিন জনবল নিয়ে কিছুটা সমস্যা হয়েছিল। সবকিছুই ঠিক হয়ে গেছে। আর গত রোববার একটা বরাদ্দ পাওয়া গেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে। এখন আর তহবিলের সমস্যা নেই।
নগরের বাসিন্দাদের অভিযোগ, গত ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত মশার উপদ্রব বাড়তে থাকে। তবে সেদিকে নগর ভবনের তেমন দৃষ্টি ছিল না। কয়েকটি এলাকায় মশার ওষুধ ছিটানোর খবর শোনা গেলেও সেগুলো খুব কাজে দেয়নি। বর্তমানে মশা কিছুটা কমলেও উপদ্রব নেই, তা বলা যাচ্ছে না।
খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব মো. বাবুল হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘শহরে ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে মশকনিধন, ঝোপঝাড়, নালা পরিষ্কার—এসব বিষয়ে সিটি করপোরেশনের তেমন কোনো তৎপরতা আমার চোখে পড়েনি। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাসহ অন্যান্য কার্যক্রমেও সিটি করপোরেশন অনেক পিছিয়ে রয়েছে।’
এদিকে ওষুধের মজুত কিছুটা কমে গেছে উল্লেখ করে কেসিসির বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম খুরশিদ আহমেদ প্রথম আলোকে বলেন, ওষুধের মজুত কিছুটা কমে গেছে। অবশ্য তাতে আরও এক-দেড় মাস যাবে। নতুন করে আবার ওষুধের জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে।