খুলনায় কিশোরকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের সদর থানার চানমারি এলাকায় খলিলুর রহমান সিয়াম (১৬) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই ঘটনা ঘটে। 

নিহত সিয়াম নগরের চানমারি চতুর্থ গলি এলাকার আইনাল হকের ছেলে। তার এ বছর রূপসা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মিজানুর রহমান বলেন, সাড়ে সাতটার দিকে সিয়াম চানমারি বালুর মাঠ এলাকায় কয়েকজন বন্ধুর সঙ্গে গল্প করছিল। এ সময় কয়েকজন পেছন দিক থেকে এসে তাকে কুপিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সিয়ামকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

ওসি মিজানুর রহমান বলেন, বিকেলের দিকে এলাকার কয়েকজন ছেলের সঙ্গে সিয়ামের ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে, ওই ঝগড়া থেকেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।