খুলনায় কৃষক শরিফুল হত্যায় ৬ জনের যাবজ্জীবন
যশোরের বাঘারপাড়ায় কৃষক শরিফুল ইসলাম হত্যা মামলার ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার মামলার রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আহাদুজ্জামান বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন বাঘারপাড়ার ধলাগ্রাম এলাকার ইকবাল হোসেন, আবদুল্লাহ, জিয়াউর রহমান, আলম, কামাল ও নাঈম। এর মধ্যে ইকবাল, আবদুল্লাহ ও জিয়াউর পলাতক।
আদালত সূত্রে জানা গেছে, নিহত শরিফুল ইসলাম কৃষক ছিলেন। তিনি বাঘারপাড়ার ধলাগ্রাম এলাকার বাসিন্দা ছিলেন। ২০১৫ সালের ৯ জুন সকালে শরিফুল ইসলাম ১ লাখ ২৫ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। পথে আসামিরা পথ রোধ করে শরিফুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে টাকা নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে সেদিনই উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এক দিন পর তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর নিহত ব্যক্তির চাচাতো ভাই মো. শাহ আলম বাদী হয়ে ১২ জনের নামে বাঘারপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। পরে ওই গ্রামের তকব্বর ও নাঈম নামের দুজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ। পরে তাঁরা দুজন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ওই বছরের ৬ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা তৎকালীন বাঘারপাড়া থানার নারকেল বাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ ১২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র করেন। প্রায় ছয় বছর পর এই মামলার রায় হলো।
মো. আহাদুজ্জামান বলেন, মামলার অন্য ছয় আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এ ছাড়া সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে একজনকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড এবং অন্য ৫ আসামিকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।