খুলনায় গোপন বৈঠক থেকে আল্লাহর দলের ৮ সদস্য আটক
খুলনার লবণচরা এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের আট সদস্যকে আটক করেছে র্যাব-৬–এর একটি দল। র্যাব জানিয়েছে, শুক্রবার রাতে এক দোকানে বসে গোপন বৈঠক করার সময় ওই সদস্যদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের কাছ থেকে ‘উগ্রবাদী’ নথিপত্র, প্রায় ১৯ হাজার টাকা ও ১৩টি মুঠোফোন জব্দ করা হয়েছে। আজ শনিবার র্যাব-৬–এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাব-৬–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ।
রওশনুল ফিরোজ বলেন, শুক্রবার রাতে আটক ব্যক্তিদের বৈঠকের বিষয়ে তথ্য পায় র্যাব। সে অনুযায়ী লবণচরা থানা এলাকার কাইয়ুম আয়রন ওয়ার্কশপে অভিযান চালানো হয়। সেখান থেকে সংগঠনটির লবণচরা থানার নায়েক মো. হাফিজুর রহমান, সদস্য জিল্লুর রহমান, আলমগীর হোসেন মুন্সী, কাইয়ুম হোসেন, রাজিবুল আলম, সুমন ব্যাপারী, মুস্তাকিন হোসেন ও মো. জাহাঙ্গীরকে আটক করা হয়।
র্যাব-৬–এর অধিনায়ক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হাফিজুর রহমান স্বীকার করেছেন, তাঁরা ২০১৭ সালের জুন মাসে একই সংগঠনের এক শীর্ষ নেতার কাছে বায়াত গ্রহণ করে সদস্য হন। সদস্য হওয়ার পর থেকে হাফিজুর তাঁর তুষ কাঠের মিলের ব্যবসার পাশাপাশি স্থানীয় লোকজনকে দাওয়াত দিতেন। ২০১৮ সালে তিনি লবণচারা থানা এলাকায় সংগঠনটির নায়েক পদের দায়িত্ব পান।
আটক ব্যক্তিদের লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।