খুলনায় চার হাসপাতালে করোনায় ৭ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি

খুলনা নগরের দুটি হাসপাতাল ও উপজেলা পর্যায়ের দুটি হাসপাতালে করোনা সংক্রমণে সাতজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

হাসপাতালগুলোর দৈনিকভিত্তিক প্রতিবেদন থেকে জানা যায়, ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় অবস্থিত ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা সংক্রমণে মারা গেছেন ৪ জন। আর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে করোনায় মারা গেছেন ১ জন। এ ছাড়া পাইকগাছা ও দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় করোনায় মারা গেছেন ১ জন করে। এ সময়ের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতাল, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

খুলনা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, খুলনায় যে ৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে, এর মধ্যে ৪ জন খুলনা জেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় ৩৯৬ জনের নমুনা পরীক্ষায় ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৫৬।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল পর্যন্ত ২০০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালে রোগী ভর্তি আছেন ১১২ জন। এর মধ্যে করোনা রোগী ৪৭ জন ও করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৩৪ জন। হাসপাতালের ২০টি এইচডিইউতে রোগী ভর্তি আছেন ১১ জন। আর ২০টি আইসিইউর কোনোটি ফাঁকা নেই।

এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতালে (৮০ শয্যার করোনা ইউনিট) বর্তমানে করোনা রোগী ভর্তি আছেন ১৪ জন। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে কেউ ভর্তি না হলেও ছাড়পত্র নিয়েছেন ১ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১০টি আইসিইউসহ ৪৫টি শয্যার করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৩০ জন। তবে কোনো আইসিইউ শয্যা খালি নেই। গত ২৪ ঘণ্টায় সেখানে ১ জন ভর্তি ও ২ জন ছাড়পত্র নিয়েছেন।

বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য ১৫০ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৪ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে রোগী ভর্তি হয়েছেন ৬ জন ও ছাড়পত্র নিয়েছেন ১ জন।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৯০টি শয্যা আছে। বর্তমানে সেখানে রোগী ভর্তি আছেন ৪০ জন। ২৪ ঘণ্টায় সেখানে ৪ জন ভর্তি ও ৫ জন ছাড়পত্র নিয়েছেন।