খুলনায় চার হাসপাতালে ১৭ জনের মৃত্যু
খুলনায় চারটি হাসপাতালে এক দিনে ১৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।
এর মধ্যে করোনায় ১২ ও ৫ জনের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। এর আগের দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় অবস্থিত ১৩০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ৫ জন করোনায় ও উপসর্গ নিয়ে ৫ জন মারা যান।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের মুখপাত্র চিকিৎসক সুহাস রঞ্জন হালদার বলেন, আজ সকাল পর্যন্ত সেখানে রোগী ভর্তি আছেন ১৮৭ জন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগী আছেন ১১৭ জন ও করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৩০ জন। এ ছাড়া এইচডিইউ ইউনিটে ২০ জন ও আইসিইউতে ২০ জন রোগী ভর্তি আছেন।হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় রেড জোনে ২১ ও ইয়েলো জোনে ১৩ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন।
এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতালে বর্তমানে করোনা রোগী ভর্তি আছেন ৬৩ জন। এই হাসপাতালের মুখপাত্র কাজী আবু রাশেদ বলেন, গত ২৪ ঘণ্টায় ১২ জন নতুন করোনা রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র চিকিৎসক প্রকাশ চন্দ্র জানান, তাঁদের হাসপাতালের ১০টি আইসিইউসহ ৪৫ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ভর্তি রয়েছেন ৪১ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১০ জন। শনিবার থেকে সেখানে রোগী ভর্তি শুরু হলেও গত ২৪ ঘণ্টায় সেখানে একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় তাঁদের হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। ১২০ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ১১৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে ৯, এইচডিইউতে ৮ জন চিকিৎসাধীন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৭ জন ভর্তি হয়েছেন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ৬৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৩৯ জনের শরীরে করোনা রোগের সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণের হার ৩৬ শতাংশ।