খুলনায় জঙ্গি সন্দেহে ১০ জনকে আটক করেছে র্যাব
খুলনায় জঙ্গি সন্দেহে নগরের খালিশপুর থেকে ১০ জনকে আটক করেছে র্যাব-৬। র্যাবের দাবি, আটক ব্যক্তিরা জেএমবি মতাদর্শী নতুন জঙ্গি সংগঠন জামআতুল মুসলেমিনের নেতা ও সদস্য। আজ শনিবার দুপুরে খুলনা র্যাব-৬–এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে র্যাব এসব তথ্য জানায়।
আটক ব্যক্তিরা হলেন সংগঠনের আমির আনোয়ার কবির ওরফে মিদ্দাত হোসেন (৫০), সদস্য সোহেল রানা (৩০), আমিনুল (৩৮), কামরুল ইসলাম (৫৫), রিফাত রহমান (২৪), আবদুর রউফ (৬২), মো. শেখ ফরিদ (২৭), আবদুল আলীম (৫০), মো. রফিকুল ইসলাম (৪৬) ও তালহা ইসলাম (১৯)। এর আগে গতকাল শুক্রবার রাতে তাঁদের খালিশপুর এলাকার একটি মাদ্রাসা থেকে আটক করে র্যাব।
সংবাদ সম্মেলনে র্যাব–৬–এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমেদ বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টহল দল খালিশপুরের মাদানী নিসাব বয়স্ক মাদ্রাসায় অভিযান পরিচালনা করে। এ সময় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি মতাদর্শের নতুন সংগঠন জামআতুল মুসলেমিনের ওই সদস্যরা সেখানে গোপন বৈঠক করছিলেন। সেখান থেকে ১০ জনকে আটক করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ‘উগ্রবাদী বই’ ও নথিপত্র উদ্ধার করা হয়েছে।
মোসতাক আহমেদ বলেন, সংগঠনটির স্বঘোষিত আমির আনোয়ার কবির ওরফে মিদ্দাত হোসেন ২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সৌদি আরবে লেখাপড়া করেছেন। লেখাপড়া শেষ করে বাংলাদেশে ফিরে এলে তাঁর সঙ্গে ভোলার চরফ্যাশন এলাকার মজিদ নামের এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। মজিদ তৎকালীন জেএমবির আমির শায়খ আবদুর রহমান ও শায়খ সাইদুর রহমানের অনুসারী ছিলেন।
২০১৮ সাল থেকে মজিদের সঙ্গে সম্পৃক্ত বেশ কিছু ব্যক্তি মিদ্দাত হোসেনকে সঙ্গে নিয়ে নতুন সংগঠন গঠন করেন ও লোক সংগ্রহের জন্য কাজ শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে তাঁরা ধর্মীয় দাওয়াত দেওয়ার মাধ্যমে মানুষকে নিজ দলে ভেড়ানোর চেষ্টা করছিলেন ও পরে সশস্ত্র জিহাদের মাধ্যমে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করার উদ্দেশ্য তাঁদের ছিল বলে দাবি করেন মোসতাক আহমেদ।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।