খুলনায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পাটকলশ্রমিকদের অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়
ছবি: প্রথম আলো

ব্যক্তিমালিকানাধীন পাটকল স্পিনার্স জুট মিল চালু, শ্রমিক–কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধ, অ্যাজাক্স ও সোনালী জুট মিলের শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ, বন্ধ কলকারখানা চালুসহ বিভিন্ন দাবিতে খুলনায় বেসরকারি পাটকলের শ্রমিকেরা অনশন কর্মসূচি পালন করেছেন।

আজ রোববার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

বেসরকারি পাট-সুতা-বস্ত্রকল শ্রমিক–কর্মচারী ফেডারেশন এ অনশন কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, বর্তমানে শ্রমিকেরা বেশি অবহেলিত হচ্ছে। পাটকলমালিকেরা তাঁদের পাটকল দেখিয়ে ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিচ্ছেন। কিন্তু তাঁরা ওই অর্থ অন্য খাতে ব্যয় করছেন। তাঁরা শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করছেন না। এ কারণে শ্রমিকেরা আজ রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

১৬ ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার দাবি জানান বক্তারা। অন্যথায় আগামীতে লাগাতার কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়ার হুমকি দেন তাঁরা।

পরে বেলা দুইটার দিকে খানজাহান আলী থানার মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স ম রেজওয়ান আলী শ্রমিকদের শরবত পান করিয়ে অনশন ভাঙান। অনশন কর্মসূচিতে বেসরকারি পাট-সুতা-বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন, সোনালী জুট মিলের শ্রমিকনেতা মো. বাবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।