খুলনায় ট্রাকের চাপায় প্রাণ গেল দুইজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খুলনার জিরো পয়েন্টে ওই দুর্ঘটনা ঘটে।

ট্রাকের চাপায় নিহত দুই ব্যক্তির চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাঁদের পরিচয় শনাক্ত করা যায়নি।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, সকালে নতুন মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে খুলনার দিকে আসছিলেন দুই ব্যক্তি। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্টে পৌঁছালে খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ট্রাকচাপায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। তাঁদের পরিচয় এখনো জানা যায়নি। সিকদার পেট্রলপাম্পের পশ্চিমে সাতক্ষীরা লাইন কাউন্টারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন বাবা ও ছেলে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাঁদের সঙ্গে খেজুরের রসভর্তি বোতল ছিল।