খুলনায় ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শিল্পী আক্তার (৩৫) নামের এক নারী মারা গেছেন। আজ শনিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শিল্পী আক্তার খুলনার তেরখাদা উপজেলার আঠালিয়া গ্রামের সাহেব আলীর স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, শিল্পী আক্তার গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি বেশ কিছুদিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। আজ সকালে তাকে আইসিইউতে নেওয়া হলে বেলা দেড়টার দিকে তিনি মারা যান।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার পার্থ প্রতীম দেবনাথ প্রথম আলোকে বলেন, শিল্পী আক্তার বেশ কয়েক দিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। তাঁর রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তাঁর পায়খানার সঙ্গে রক্ত যাচ্ছিল। তাকে রক্তও দেওয়া হচ্ছিল।
খুলনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনায় চারজন নারীসহ সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন পাঁচজন।