খুলনায় ডেঙ্গুতে নারীর মৃত্যু
খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অষ্টমী সেন (৪৫) নামের এক নারী মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অষ্টমী যশোর জেলার কেশবপুর উপজেলার বাসিন্দা।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) শৈলেন্দ্রনাথ বিশ্বাস প্রথম আলোকে বলেন, অষ্টমী আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। একেবারে মুমূর্ষু অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির ঘণ্টাখানেক পর বেলা দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি ডেঙ্গু শক সিনড্রোমে মারা গেছেন ।
খুলনার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় ১৮ জন রোগীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১০ জন নারী, দুজন শিশু, একজন স্কুলছাত্র এবং অন্য পাঁচজন পুরুষ।
তাঁদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে দুজন এবং বেসরকারি সিটি মেডিকেল কলেজে একজন ডেঙ্গুতে চিকিৎসাধীন রোগী মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে ১৪ জন খুলনার বাইরের জেলা থেকে চিকিৎসা নিতে এসেছিলেন।