খুলনায় ডেঙ্গুতে নারীর মৃত্যু
খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাফি বেগম (৪৫) নামের এক নারী মারা গেছেন। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
রাফি বেগম গোপালগঞ্জ জেলার সদর উপজেলার মতি রাসেলের স্ত্রী।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক শৈলেন্দ্রনাথ বিশ্বাস প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে রাফি বেগমকে ভর্তি করা হয়। ভর্তির আট ঘণ্টা পর আজ সকালে সোয়া ১০টার দিকে তিনি মারা যান। রাফি ডেঙ্গু শক সিনড্রোমে মারা গেছেন।
খুলনার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে সংগ্রহ করা তথ্য থেকে দেখা গেছে, এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় ১৯ জন রোগীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জন নারী, দুজন শিশু, একজন স্কুলপড়ুয়া ছাত্র এবং ৫ জন পুরুষ। তাদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং বেসরকারি সিটি মেডিকেল কলেজে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মৃত ব্যক্তিদের মধ্যে ১৫ জন খুলনার বাইরের জেলা থেকে চিকিৎসা নিতে এসেছিল।