খুলনায় তরুণ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

খুলনা নগরের টিবি বাউন্ডারি রোড এলাকায় মডার্ন টাওয়ারের সামনে থেকে এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। মডার্ন টাওয়ারের ছাদ থেকে লাফিয়ে আবরারুর রহমান (৩৪) নামের ওই ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। তাঁর মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবরারুর আল আরাফাহ ইসলামী ব্যাংক খুলনা শাখার জ্যেষ্ঠ নির্বাহী ছিলেন। বদলিজনিত কারণে আজ তাঁর ডুমুরিয়ার চুকনগর শাখায় যোগ দেওয়ার কথা ছিল। নিহত শুভ বাগেরহাটের রামপাল রায়েন্দা রাগুলবুনিয়া এলাকার মো. আতিয়ার রহমানের ছেলে।

সহকর্মী ও পুলিশ সূত্র জানিয়েছে, মা-বাবা ও স্ত্রীকে নিয়ে মডার্ন টাওয়ারের ৯ম তলায় থাকতেন আবরারুর। সোমবার তাঁর বদলির আদেশ হয়। মঙ্গলবার সকালে ঘুম থেকে ওঠে তিনি দারোয়ানের কাছ থেকে ছাদের চাবি নিয়ে ছাদে যান। কিছুক্ষণ পর তাঁর মরদেহ মডার্ন টাওয়ারের সামনের টিবি বাউন্ডারি রোডে পড়ে থাকতে দেখেন দারোয়ান ও স্থানীয়রা। দ্রুত তাঁকে উদ্ধার করে নগরের একটি বেসরকারি একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী খুলনা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য আবরারুরের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।