খুলনায় তিন হাসপাতালে ৪ জনের মৃত্যু
খুলনার হাসপাতালগুলোয় করোনায় মৃত্যুর সংখ্যা কিছুটা বেড়েছে। মহানগরে অবস্থিত দুটি বেসরকারিসহ পাঁচটি করোনা হাসপাতালের মধ্যে তিনটিতে ৪ জন করোনা রোগী মারা গেছেন। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাঁদের মৃত্যু হয়। আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছিল। তার আগের ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়।
আজ খুলনা মহানগরে অবস্থিত বাকি দুটি হাসপাতালে ওই সময়ের মধ্যে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। এটা নিয়ে টানা ২৩ দিন খুলনায় করোনা রোগীর মৃত্যুর সংখ্যা দুই অঙ্কের নিচে থাকল।
হাসপাতালগুলোর দৈনিক প্রতিবেদন থেকে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় অবস্থিত ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন ২ জন। আর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১ জন ও বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন মারা গেছেন। ওই সময়ের মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতাল ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কেউ মারা যাননি।
রোগী ভর্তির তথ্য থেকে দেখা গেছে, আজ সকাল পর্যন্ত ২০০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালে রোগী ভর্তি আছেন ৮১ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগী আছেন ৩৩ জন ও করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগী আছেন ১৮ জন। এ ছাড়া ওই হাসপাতালে থাকা ২০টি এইচডিইউতে রোগী ভর্তি আছেন ১০ জন। আর ২০টি আইসিইউ শয্যার সব কটিই পরিপূর্ণ।
এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতালে (৮০ শয্যার করোনা ইউনিট) বর্তমানে করোনায় আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন ৫ জন। গত ২৪ ঘণ্টায় ওই হাসপাতালে কেউ ভর্তি ও কেউ ছাড়পত্র নেননি।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১০টি আইসিইউসহ ৪৫টি শয্যার করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ২৩ জন। সব কটি আইসিইউ শয্যাই পরিপূর্ণ। গত ২৪ ঘণ্টায় সেখানে ২ জন ভর্তি হলেও কেউ ছাড়পত্র নেননি।
বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় প্রস্তুত করা ১৫০টি শয্যার বিপরীতে সেখানে রোগী ভর্তি আছেন ২৫ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে ১ জন ভর্তি ও ২ জন ছাড়পত্র নিয়েছেন।
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে ৯০টি শয্যা। বর্তমানে সেখানে রোগী ভর্তি রয়েছেন ৩৪ জন। ২৪ ঘণ্টায় সেখানে ৩ জন ভর্তি ও ৬ জন ছাড়পত্র নিয়েছেন।