খুলনায় দমকা হাওয়ায় গাছচাপায় নারীর মৃত্যু
খুলনায় দমকা হাওয়ায় গাছের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যার দিকে প্রায় ১৫ মিনিট ধরে চলা ঝোড়ো বাতাসের সময় এ ঘটনা ঘটে। নিহত কৃষ্ণা পাল (৫০) রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের নারকেলি চাঁদপুর গ্রামের নিখিল পালের স্ত্রী।
নিখিল পাল বলেন, ঝড় শুরুর পর তাঁর স্ত্রী বাড়ির উঠানে নলকূপে গিয়েছিলেন পানি আনতে। এ সময় হঠাৎ দমকা হাওয়ায় নলকূপের পাশে থাকা নারকেলগাছ হেলে কৃষ্ণার গায়ের ওপর পড়ে। তাঁকে দ্রুত উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, হাসপাতাল থেকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঝড়টি মৌসুমের প্রথম কালবৈশাখী ছিল কি না, এমন প্রশ্নে খুলনা আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, এটাকে আসলে কালবৈশাখী বলা যাবে না। এটার স্থায়িত্ব ছিল কম। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩৫ কিলোমিটার পর্যন্ত। এর প্রভাবে সামান্য বৃষ্টিপাত হয়েছে।