খুলনায় দুই নারী অ্যাসিডে দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে খুলনায় দুই নারীর ওপর অ্যাসিড ছোড়া হয়েছে। গত শুক্রবার বেলা একটার দিকে নগরের রায়ের মহল এলাকায় এ ঘটনা ঘটে।

অ্যাসিডে দগ্ধ দুই নারী হলেন সালেহা সুলতানা (২৭) ও তাঁর প্রতিবেশী পারভীন ইসলাম (৪১)। তাঁদের দুজনেরই বাড়ি রায়ের মহল এলাকায়। তাঁরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, সালেহার শরীরের ২০ শতাংশ ও পারভীনের ২২ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁরা পর্যবেক্ষণে রয়েছেন। ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা যাবে না। দুজনের শরীর অ্যাসিডে ঝলসে গেছে বলে নিশ্চিত করেছেন বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ফরিদ উদ্দিন।

সালেহা বলেন, নয় শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে রায়ের মহল এলাকার আবদুল্লাহ মোল্লার সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। জমিটি তাঁরা আবদুল্লাহর ফুফু রাবেয়া খাতুনের কাছ থেকে একতলা বাড়িসহ কিনেছিলেন। কিন্তু আবদুল্লাহ ওই জমিতে তাঁদের ঢুকতে দিচ্ছেন না। শুক্রবার বেলা একটার দিকে ওই জমিতে থাকা বাড়ির দরজা-জানালা খুলে নিয়ে যাওয়া হচ্ছে এমন খবর পেয়ে প্রতিবেশী পারভীনকে নিয়ে সেখানে যান তিনি। ফিরে আসার সময় আবদুল্লাহ তাঁদের ওপর অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যান।

এ ঘটনায় গতকাল সকালে হরিণটানা থানায় মামলা হয়েছে।